নয়াদিল্লি, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলায় সহায়তা করায় অভিযুক্ত ডেভিড হেডলিকে ভারতীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে বলে শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
কিন্তু এই অভিযোগে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে না বলে জানান তিনি।
নয়াদিল্লি হেডলিকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিচার চলছে। এ হামলায় ১৬৬ জন লোক নিহত হয়।
যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক দুদিন ব্যাপী ভারত সফরকালে হেডলির ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, অক্টোবরে গ্রেফতার হওয়ার পর থেকে হেডলি যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের সহযোগিতা করছে। তার বিরুদ্ধে বোমা হামলা, যুক্তরাষ্ট্র ও ভারতীয় নাগরিক হত্যাসহ ১২টি অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২০৪৭ঘ.
bdnews24