ব্যাংকক, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে নির্বাচন দাবিতে সরকারবিরোধী লাল শার্ট আন্দোলনকারীরা এবার রাজধানী ব্যাংককবাসীর মন জয় করতে চাইছে।
হাজার হাজার আন্দোলনকারী শনিবার ব্যাংককের মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে সরকারবিরোধী আন্দোলনে শরিক করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক এ আন্দোলনকারীরা রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী ব্যাপক প্রচারণা চালাচ্ছে। 'আমরা ব্যাংককবাসীকে ভালোবাসি' এই স্লোগানসমৃদ্ধ লিফলেট বিলির মাধ্যমে তারা ব্যাংককবাসীর মন জয় করার চেষ্টা করছে। পাশাপাশি সরকারকে নির্বাচন দিতে বাধ্য করার আন্দোলনে শরিক হওয়ারও আহ্বান জানিয়েছে।
লাল শার্ট পরা বিক্ষোভকারীরা গান গেয়ে এবং লাল পতাকা উড়িয়ে ১৩ কিলোমিটার দীর্ঘ মিছিল করে। মিছিল চলাকালে ব্যাংকক অচল হয়ে পড়ে।
মিছিল শুরু হয় স্থানীয় সময় সকাল ১০ টায়। এটি ৪৬ কিলোমিটার পথ প্রদক্ষিণ করবে বলে আন্দোলনকারী নেতারা জানান।
লাল শার্টদের এক নেতা বলেন, "দেশের অভিজাত শ্রেণী ও সরকারকে ছুঁড়ে ফেলার জন্য আমরা ব্যাংককবাসীকে আহবান জানিয়েছি।"
সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী এ অহিংস আন্দোলনে এখনও অবশ্য সাড়া দেননি থাই প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। তিনি তার বাসভবন ছেড়ে সুরক্ষিত সেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন আন্দোলন শুরুর প্রাক্কালেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/ ১৩৪৫ঘ.
bdnews24