সান্টিয়াগো, মার্চ ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভূমিকম্প সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণেই গত ২৭ ফেব্র"য়ারীর ভয়াবহ ভূমিকম্পে বেঁচে গেছে লাখো চিলিবাসীর জীবন। গত বৃহস্পতিবার নেতৃস্থানীয় এক ভূপদার্থবিদ এ তথ্য জানিয়েছেন।
চিলিতে গত মাসে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে মাত্র ৫শ' লোকের প্রাণহানি হয়। যেখানে ১৯৬০ সালে চিলিতে ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিল ৫ হাজার মানুষ।
১৯০০ সালের পর থেকে সংঘটিত ভূমিকম্পগুলোর মধ্যে এই পঞ্চমতম ভয়াবহ ভূমিকম্পে কেন এত কম সংখ্যক লোকের প্রাণহানি হলো তা জানতেই বিশেষজ্ঞরা গবেষণা করেছেন। সাধারণত এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে লাখ লাখ লোকের প্রাণহানি ঘটে থাকে।
ভূপদার্থবিদ ওয়ালটার মুনি এ জন্য চিলিবাসীকেই কৃতিত্ব দেন। বড় ধরনের ঝাঁকুনি শুরু হওয়ার আগেই তারা বাড়ি-ঘর থেকে বের হয়ে যায় এবং এতেই প্রাণহানির সংখ্যা কম হয়েছে বলে তিনি জানান। ওয়াল্টার মুনি যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপের সঙ্গে গত ৩৫ বছর ধরে দক্ষিণ আমেরিকায় ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন।
চিলিতে অবস্থিত মার্কিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি এবং কোন সময় প্রচন্ড ঝাঁকুনি শুরু হবে সে সম্পর্কে আগাম বুঝতে পারার কারণেই অনেক লোকের জীবন বেঁচে গেছে। নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাখ লাখ মানুষের জীবন রক্ষা হলেও ভূমিকম্পের সময় সরকারের কিছু ব্যর্থতার সমলোচনা করতেও ছাড়েনি চিলিবাসী।
দেরি করে সুনামি সতর্কতা দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট মিখাইল ব্যাচেলেট সরকারের তীব্র সমালোচনা করে তারা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচিত না হওয়ার পিছনে এটি একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
ওয়ালটার বলেন, ১৯৬০ সালে চিলিতে ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভবন নির্মাণ সংক্রান্ত নীতিমালা কঠোর করে দেশটির সরকার। এই কঠোর নীতিমালা মেনে ভবন নির্মাণ করায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। ওই ভূমিকম্পে ৫ হাজার মানুষ মারা যায় এবং ২০ লাখ মানুষ গৃহহীন হয়।
হাইতিতে আঘাত হানা ৭ মাত্রার ভূমিকম্পের তুলনায় চিলির ভূমিকম্পটি ৫শ' গুণ বেশি ভয়াবহ। কিন্তু চিলিতে মাত্র ৫শ' লোক মারা গেছে আর অনুন্নত ও দরিদ্র দেশ হাইতিতে মারা গেছে ২ লাখেরও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিবি/এসএইচ/এলকিউ/২১০৬ ঘ.
bdnews24