হেরাত, আফগানিস্তান, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে শিশুর জন্য সবচেয়ে কঠিন জায়গা আফগানিস্তান। এখানে শিশু মৃত্যুহার বেশি। উপরন্তু শিশুরা এখানে অপুষ্টি ও ব্যাপক যৌন অনাচারের শিকার।
দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক ডেনিয়েল টুলে এ সপ্তাহে আফগানিস্তান সফরকালে একথা বলেছেন।
তিনি বলেন, "আফগানিস্তান পরিস্থিতি দক্ষিণ এশিয়াসহ গোটা বিশ্বেই অত্যন্ত নাটকীয়। বিশ্বে শিশুজন্মের সবচেয়ে কঠিন জায়গা আফগানিস্তান"। সেখানে টিকে থাকাটাই একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
রয়টার্সকে তিনি বলেন, তিন দশক ধরে চলা যুদ্ধ এবং ক্রমবর্ধমান জঙ্গি হামলা একজন আফগান শিশুর জন্য বেঁচে থাকাটাও কঠিন করে তুলেছে।
তিনি সেখানে এমন একজন মেয়ের দেখা পান যার বিয়ে হয়েছে অপরিচিত একজনের সঙ্গে মাত্র ৯ বছর বয়সে। এরকমই অন্য একজনকে পেয়েছেন যার বিয়ে হয়েছে ১১ বছর বয়সে।
২০০৮ সালের ইউনিসেফের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ১০০০ জন শিশুর ২৫৭ জনই মারা যায় ৫ বছর বয়সের আগে। আর ১৬৫ জন মারা যায় এক বছর পূর্ণ হওয়ার আগেই। পৃথিবীর যে কোন জায়গার চেয়ে এ সংখ্যা বেশি।
২০০৫ সালের ইউনিসেফের তথ্য অনুযায়ী, মাতৃমৃত্যু হারেও আফগানিস্তান দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে, সিয়েরা লিওনের পরেই আফগানিস্তানের অবস্থান। সন্তান জন্ম দিতে গিয়ে আফগানিস্তানে ১ লাখ নারীর মধ্যে ১,৮০০ জনই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৪ ঘ.
bdnews24