সিউল, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত দুবছরে ২৫ শতাংশ বেড়ে প্রায় এক হাজারে দাঁড়িয়েছে। এতে করে এ অঞ্চলে উত্তর কোরিয়ার হুমকি আরও বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান কিম তায়ে-ইয়ং বুধবার একথা বলেছেন।
পিয়ং ইয়ংয়ের অস্ত্রাগারে মাঝারি পাল্লার অর্থাৎ, ৩ হাজার কিমি দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রও আছে।
ব্যবসায়িক নেতাদের এক ফোরামে বক্তব্য রাখার সময় কিম তায়ে-ইয়ুং এর উদ্ধৃতি দিয়ে ইয়নহাপ সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সব জায়গায় তো বটেই গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিওতে আঘাত হানতে সক্ষম।
ইয়নহাপ জানায়, দক্ষিণ কোরিয়ার হিসাব মতে ২০০৮ সালে উত্তর কোরিয়ার ৮শ' ক্ষেপণাস্ত্র ছিল। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, উত্তর কোরিয়া তার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করেছে।
দক্ষিণ কোরিয়া এ হিসাব এমনটি একটি সময়ে দিয়েছে, যখন উত্তর কোরিয়া ৬ জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক চাপে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৩০ ঘ
bdnews24