২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার জন্য শিগগিরই মানবাধিকার প্যানেল হবে: বান

আপত্তির মুখেও শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে মানবাধিকার প্যানেল গড়ার পরিকল্পনা নাকচ করেননি জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বরং অবিলম্বে তা গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 09:52 AM

Updated : 24 Aug 2022, 07:38 PM

জাতিসংঘ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আপত্তির মুখেও শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে মানবাধিকার প্যানেল গড়ার পরিকল্পনা নাকচ করেননি জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বরং অবিলম্বে তা গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে বান বলেন, তিনি তার অধিকারবলেই মানবাধিকার বিশেষজ্ঞ কমিশন নিয়োগ করতে চান। যাদের কাজ হবে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময়কার সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো খতিয়ে দেখা। যদিও চলতি মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে এ পদক্ষেপ অযৌক্তিক বলে অভিযোগ করেছিলেন। মূলত মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলোর চাপে মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছেন বান। কারণ তারা চায়, শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধবসানে এলটিটিই'র সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে গত কয়েক মাস আগে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে দুপক্ষই তার কোনও না কোনও ধরনের কৈফিয়ত দিক। গত বছর গৃহযুদ্ধের শেষ ধাপের লড়াই নিয়ে এলটিটিই ও সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা একটি নিরপেক্ষ মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে শ্রীলঙ্কার ওই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। বান জানান, গত মে মাসে যুদ্ধ শেষে শ্রীলঙ্কা সফরের পর ইস্যু করা যৌথ বিবৃতিতে জাতিসংঘ প্যানেল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি বলেন, " জাতিসংঘের মহাসচিব হিসাবে এ রকম একটি প্যানেল গঠন আমার এখতিয়ারের মধ্যেই পড়ে বলে আমি মনে করি।" এ কমিশন সরাসরি তার কাছে প্রতিবেদন জমা দেবে বলে বান উল্লেখ করেন। তিনি আরও বলেন, "এটি কোনওভাবেই শ্রীলঙ্কার সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৪৭ ঘ.