ব্যাংকক, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনের চতুর্থ দিনে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নিজদেহের বোতলভরা রক্ত ঢেলে বিক্ষোভ করেছে লাল শার্টরা।
কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে বিক্ষোভকারীরা এদিন নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে জড়ো হয়।
এর আগের দিন লাল শার্ট বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ৩০০ লিটার রক্ত ঢেলে প্রতিবাদ করে।
৪ দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ থিতিয়ে আসতে থাকায় হতাশ বিক্ষোভকারীরা আন্দোলনে গতি সঞ্চার করতে মঙ্গলবার ওই প্রতীকী রক্তপাত ঘটায়।
প্রতিটি আন্দোলনকারীর দেহ থেকে নেওয়া এক চা চামচ পরিমাণ রক্ত বোতলে ভরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রায় ৩০০ লিটার রক্ত ঢালা হয়। এবার প্রধানমন্ত্রীর বাসভবনে একই কায়দায় রক্তপাত ঘটাল বিক্ষোভকারীরা।
তবে গণআন্দোলন সত্ত্বেও থাইল্যান্ডের শেয়ার বাজার চাঙ্গা রয়েছে। শুধু তাই নয়, চলতি বছর স্টক মার্কেটের সূচক উচ্চে রয়েছে এবং গত ২১ মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
বিনিয়োগকারীরাও আশা করছেন, সরকার বিরোধী আন্দোলন এ পর্যন্ত অহিংস হওয়ায় প্রধানমন্ত্রী অভিজিৎ এ যাত্রা ভালোই সামাল দিতে পারবেন।
তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত এত সহজে রাজপথ ছাড়ছে না।
তারা তাদের মার্কা মারা লাল শার্ট ও ভেঁপু শিং পরে গাইছে নানা লোকগীতি। উড়াচ্ছে লাল পতাকা। মোটর সাইকেল আর খোলা পিকআপ ট্রাকে চড়ে এসব সমর্থক এগিয়ে গেছে ব্যাংককে রাজপ্রাসাদতুল্য অভিজিতের বাসভবনে। গণতন্ত্রের মুক্তির আশায় তারা অভিজিতের বাড়ির চারপাশে রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছে। প্রত্যেক আন্দোলনকারী ১০ সিসি রক্ত দান করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন।
আন্দোলনকারীদের মতে, নির্বাচনের দাবি উপেক্ষিত হওয়ার পর এভাবে রক্ত ঢেলে গণতন্ত্র কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রতীকী আন্দোলন এটি। তাছাড়া আন্দোলন নতুন করে চাঙ্গা করাও এর উদ্দেশ্য।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অহিংস আন্দোলনের সহিংস রূপ নেওয়ার সম্ভাবনা এখনও রয়ে গেছে। তবে তা ক্রমেই ফিকে হয়ে আসছে। গত শুক্রবার থেকে প্রধানমন্ত্রী অভিজিত তার বাসভবনে থাকছেন না। আন্দোলনের কারণে তিনি সামরিক বাহিনীর সুরক্ষিত ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার অভিজিতের কার্যালয়ের বাইরে এবং পরে তার দল ডেমোক্রেট পার্টির সদরদপ্তরের সামনে আন্দোলনকারীরা রক্ত ঢেলে প্রতিবাদ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৫৫ ঘ.
bdnews24