২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রক্ত ঢেলে প্রতিবাদ

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিজদেহের বোতলভরা রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছে। সরকার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করায় তারা গণতন্ত্রের জন্য এ প্রতীকী আত্মত্যাগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 01:19 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ব্যাংকক, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিজদেহের বোতলভরা রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছে। সরকার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করায় তারা গণতন্ত্রের জন্য এ প্রতীকী আত্মত্যাগ করে। ৪ দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ থিতিয়ে আসতে থাকায় হতাশ বিক্ষোভকারীরা আন্দোলনে গতি সঞ্চার করতে এ প্রতীকী রক্তপাত ঘটায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা কড়া নিরাপত্তাধীন সরকারি ভবনের সামনে জড়ো হয়ে প্রবেশপথে ৩০০ লিটার (৮০ গ্যালন) রক্ত ঢালে। কিন্তু সরকার এতেও বিক্ষোভকারীদের নির্বাচনের দাবি মানার কোনও লক্ষণ দেখায়নি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচন দেওয়ার অনুকুলে কোনও কথা না বলায় বিক্ষোভকারীরা হতাশ হয়ে মঙ্গলবার ব্যাংককে গণবিক্ষোভের প্রস্তুতি নেয়। ব্যাংককে যে সামরিক ঘাঁটিতে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা তার সঙ্কটকালীন সদর দপ্তর স্থাপন করেছেন, সেই সদরদপ্তর অভিমুখেই সোমবার মিছিল করেছে সিনাওয়াত্রার সমর্থকরা। প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা তাদের নির্বাচন দেওয়ার দাবি প্রত্যাখ্যান করার পর তারা ফিরে এসে ব্যাংককের কেন্দ্রস্থলে একটি সেতুর কাছে জড়ো হয়। যেখানে তারা তাঁবু পেতেছে। মঙ্গলবার সকালে লাল শার্ট বিক্ষোভকারী নেতারা প্রত্যেক সমর্থকের শরীর থেকে এক শিশি করে রক্ত নেয়। এটাকে তারা গণতন্ত্র পুনরুদ্ধারে রক্ত দেওয়ার প্রতীক হিসাবে অভিহিত করে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৭৬ বছরের রুং সুরামানি বলেন, "যখন এই ছবিগুলো অভিজিতের কাছে পৌঁছাবে, সে কি একট্ওু লজ্জিত হবে না?" তিনি আরও বলেন, "সংখ্যাগরিষ্ঠদের ক্ষমতায় ফিরে আসার জন্য আমি আমার সব কিছুই ত্যাগ করতে রাজি আছি।" মূলত থাই গ্রামবাসীদের সংগঠন লাল শার্টরা বলছে, সামরিক বাহিনী, শহুরে অভিজাত এবং রাজন্যবর্গ যারা হলুদ শার্ট পরে প্রতিবাদের বিরোধিতা করছে এবং চরমভাবে প্রধানমন্ত্রী অভিজিতকে সমর্থন করছে তাদের দ্বারা তারা নিষ্পেষিত। তবে প্রতিবাদকারীদের কেউ কেউ এরই মধ্যে হতাশা ব্যক্ত করেছে। মিছিল সমাবেশের মাধ্যমে সরকারের উপর কার্যকর কোন চাপ সৃষ্টি না হওয়ায় তারা হতাশ। তাই কেউ কেউ বাড়ি ফিরে যেতে চাইছেন। কারণ, তারা দীর্ঘদিন কাজ ও পরিবার পরিজন ফেলে ব্যাংককে পড়ে থাকতে চাইছেন না। উত্তরাঞ্চলীয় ল্যাম্পাং প্রদেশ থেকে আসা মানাত তেঙমানি বলেন, "আমি আরও সাহসী কিছু করতে চাই, নয়তো চলে যেতে চাই। আসলে সত্যিকারের রক্তপাত ছাড়া অবস্থার কোনও পরিবর্তন হবে না। রক্তপাত ছাড়া থাইল্যান্ডের জনগণের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটবে না।" দু'বারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ধারণা হয় হয়, বর্তমানে তিনি দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/এলকিউ/১৪৫০ঘ