২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে মহাকাশ গবেষণা কেন্দ্রে গুলি

ভারতের ব্যাঙ্গালোরে কড়া নিরাপত্তা ঘেরা মহাকাশ গবেষণা কেন্দ্রের বাইরে মঙ্গলবার দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এটি কোনও জঙ্গি হামলা কি-না তা আগেভাগেই বলা যাচ্ছে না বলে জানিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 12:10 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ব্যাঙ্গালোর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ব্যাঙ্গালোরে কড়া নিরাপত্তা ঘেরা মহাকাশ গবেষণা কেন্দ্রের বাইরে মঙ্গলবার দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এটি কোনও জঙ্গি হামলা কি-না তা আগেভাগেই বলা যাচ্ছে না বলে জানিয়েছে ভারত সরকার। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসআরও) এর মুখপাত্র এস সতীশ পিটিআই কে জানান, মঙ্গলবার ভোরের দিকে গবেষণা কেন্দ্রের নেটওয়ার্ক ও ট্র্যাকিং স্টেশনের সামনে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করছিল। এ সময় নিরাপত্তারক্ষীরা তাদের পরিচয় জানতে চাওয়ায়, তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি চালায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহাকাশ গবেষণা কেন্দ্রটিকে সম্ভাব্য জঙ্গি হামলার অন্যতম লক্ষ্যস্থল হিসাবেই দেখে আসছে। পুলিশ জানিয়েছে, আগেভাগেই এ হামলায় জঙ্গিরা জড়িত তা বলা যাচ্ছে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, হামলাকারীরা এক ধরনের 'ইউনিফর্ম' পরা ছিল এবং সম্ভবত তারা দেশীয় পিস্তল দিয়ে গুলি করে। তিনি বলেন," হামলাকারী কারা ছিল সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তবে হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা অপেশাদারদের কাজ। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ মুহূর্তে আপনারা শুধু একটি হামলা হয়েছে বলে জানুন। এটি সন্ত্রাসী হামলাই হোক বা অন্য ধরনের হামলাই হোক আমরা সেটি জানব।" গত মাসে পুনেতে বোমায় হামলায় ১৬ জন নিহত হওয়ায় সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৬ ঘ.