ইসলামাবাদ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে অপহৃত পাঁচ বছরের ব্রিটিশ শিশু সাহিল সাঈদ মুক্তি পেয়েছে।
তার মুক্তির মধ্য দিয়ে ১২ দিনের অপহরণ ঘটনার অবসান হয়েছে বলে এক কর্মকর্তা এবং সাহিলের এক আত্মীয় মঙ্গলবার জানিয়েছেন।
পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লা রয়টার্সকে জানান, একটি আন্তর্জাতিক অপহরণকারী চক্র এ অপহরণে জড়িত।
তিনি বলেন, "অন্য দেশগুলোর সহায়তায় আমরা ওই অপহরণকারী চক্রকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।"
সাহিলকে পাঞ্জাবের ঝিলাম থেকে অপহরণ করা হয়।
এ অপহরণের ঘটনায় ব্রিটিশ সংবাদ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, "এ অপহরণের পেছনে তার আত্মীয়দের কেউ কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।"
ঝিলাম শহরের পুলিশ জানায়, বন্দুকধারীরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের আটকে রেখে দেড় লাখ রুপি ও স্বর্ণালঙ্কার লুট ও সাহিলকে অপহরণ করে। পরে তারা সাহিলের মুক্তিপণ বাবদ ১ কোটি রুপি দাবি করে।
ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনার অ্যাডাম থম্পসন এক বিবৃতিতে বলেন, "এটা একটা দারুণ খবর। এর মাধ্যমে সাহিল ও তার পরিবারের সদস্যরা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেল।"
তিনি সাহিলের মুক্তির জন্য পাকিস্তান ও ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতার প্রশংসা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৫৩ঘ.
bdnews24