কলম্বো, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চাকরিতে থাকাবস্থায় রাজনীতিতে জড়ানোর অভিযোগে শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট নির্বাচনের পরাজিত প্রার্থী শরৎ ফনসেকাকে মঙ্গলবার সামরিক আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে তার সমর্থকরা।
কলোম্বোয় নৌ বাহিনীর সদরদপ্তরে অনুষ্ঠিত এ বিচার মুলতবি করা হয়েছে ৬ এপ্রিল পর্যন্ত। ফনসেকার আইনজীবীরা আদালতের বৈধতাকে চ্যালেঞ্জ করায় এবং সামরিক ট্রাইব্যুনালের সদস্য বাছাইয়ের বিরেধিতা করায় বিচার মুলতবি করা হয়।
তবে চাকরি অবস্থায় সামারিক সরঞ্জামাদি ক্রয়ে অসদুপায় অবলম্বনের আরেকটি অভিযোগে ফনসেকাকে আগামীকাল বুধবার আবার আদালতে হাজির হতে হবে।
ফনসেকা তার বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করেছেন। পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে না দেওয়ার জন্যই এসব অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন ফনসেকা।
ফনসেকার পক্ষের এক আইনজীবী নলিন লাড্ডুভাহিত্তি বলেন, "জেনারেল দোষ স্বীকার বা অস্বীকার কোনওটিই না করার কথা বলেছেন। কারণ, আদালতের এসব অভিযোগের শুনানি অনুষ্ঠান কিংবা বিচার করার কোনও ক্ষমতা নেই।"
ফনসেকার এ বিচার নিয়ে দক্ষিণ এশিয়ার এ দ্বীপ দেশটিতে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ফনসেকার হাজার হাজার সমর্থক তার গ্রেপ্তার এবং বিচার 'অবৈধ' দাবি করে বিক্ষোভে নেমেছে। এতে করে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। আটক হয়েছে ১০ জন। এক মুখপাত্র একথা জানিয়েছেন।
চলতি বছরের প্রথম দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কাছে হেরে যাওয়া ফনসেকাকে গত মাসে গ্রেপ্তার করা হয়, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে। তার বিরুদ্ধে চাকরিরত অবস্থায় সামরিক সরঞ্জামাদি ক্রয়ে অসদুপায় অবলম্বনের অভিযোগ আনা হয়েছে।
তবে সাবেক সেনাপ্রধান ফনসেকা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসবই রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার জন্য করা হচ্ছে। যাতে তিনি আগামী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে না পারেন।
ফনসেকার গ্রেপ্তারের পর দেশজুড়ে প্রতিবাদের পাশাপাশি শেয়ার বাজারেও দরপতনের ঘটনা ঘটে। তবে এর সবই কাটিয়ে উঠেছে দেশটি। গত সোমবার শেয়ার সূচক সর্বকালের সেরা ছিল।
ফনসেকার শরিকরা প্রশ্ন তুলেছেন, সামরিক উর্দি ছেড়ে দেওয়ার পরও কেন ফনসেকার বিচার সামরিক আদালতে হচ্ছে?
মার্ক্সিস্ট জনতা বিমুক্তি পেরেমুনা পার্টির (জেভিপি) নেতা সোমাওয়ান্সা অমরাসিঙ্গে বলেন, "জেনারেল হিসাবে ফনসেকাকে গ্রেপ্তার ও আটক রাখা অবৈধ, যেখানে তিনি আর জেনারেল নেই।"
এক সামরিক মুখপাত্র এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।
তামিল টাইগারদের বিরুদ্ধে ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে ফনসেকা-রাজাপাকসে একসঙ্গে কাজ করলেও কিছুদিন পর তাদের সম্পর্কের অবনতি ঘটে।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের কাছে ১৮ শতাংশ ভোটে পরাজিত হলেও ফনসেকা প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/এলকিউ/১৩৩৫ঘ.
bdnews24