২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুম্বনের অভিযোগে ব্রিটিশ যুগলের জেল

আরব আমিরাতে এক মাসের কারাবাসের আদেশ দেওয়া হয়েছে এক ব্রিটিশ যুগলকে। জনসমক্ষে চুম্বনের অভিযোগে তাদের এই দণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 11:45 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

দুবাই, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব আমিরাতে এক মাসের কারাবাসের আদেশ দেওয়া হয়েছে এক ব্রিটিশ যুগলকে। জনসমক্ষে চুম্বনের অভিযোগে তাদের এই দণ্ড দেওয়া হয়। আমিরাতের একজন মা ওই যুগলের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তার সন্তানের সামনে তারা এই আপত্তিকর কাজটি করেছে। ব্রিটিশ নাগরিক আইমেন নাযাফি দুবাইয়ে তার বান্ধবীকে নিয়ে থাকেন। জনসমক্ষে চুম্বন, অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরা এবং অ্যালকোহল পানের অভিযোগে গত নভেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আইনজীবী জানান, আদালত তাদেরকে এক মাসের কারাবাসের আদেশ দিয়েছে। ওই যুগলের আইনজীবী খালাফ আল-হোসেনি আদালতের এ রায়ের বিরুদ্ধে রোববার আপিল করেছেন। আপিলে তিনি বলেন, তাদের চুম্বনের ব্যাপারটি অনৈতিক কোন ব্যাপার নয়; তারা একে অপরের বন্ধু। আগামী ৪ এপ্রিল আপিলের রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবী আল-হোসেনি আদালতে বলেন, তারা ঠোঁটে চুম্বন করেনি। সেটি ছিল সাধারণ, অভিবাদনস্বরূপ যা কখনোই অপরাধ বলে গণ্য হতে পারেনা। তিনি আরো বলেন, অভিযোগকারী যে অভিযোগ করেছেন তাতে পরষ্পর বিরোধী অনেক বক্তব্য রয়েছে। আইমেন নাযাফির মা মেইডা নাযাফি লন্ডনে টাইমস পত্রিকাকে বলেন, "আমার আইমেন খুব ভালো ছেলে। তার যথেষ্ট জ্ঞান-বুদ্ধি আছে এবং সে প্রাপ্তবয়স্ক। সে সেখানকার নিয়মকানুন খুব ভালো করেই জানে। সে এই কাজ করতে পারে না।" ওই যুগল এখন জামিনে মুক্ত আছে। মদ্যপান করার অপরাধে তাদের ১ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। তাদের আইনজীবী এ কথা জানান। কারাভোগের পর তাদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৭৩৫ঘ.