প্যারিস, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্য ডানপন্থী ইউএমপি দলের ভরাডুবি হয়েছে।
সোমবার ভোট গণনায় বেসরকারি প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা যায়।
ইউএমপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী স্যোশালিস্ট পার্টি বেসরকারি প্রাথমিক ফলাফলে ৩০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ইউএমপি পেয়েছে ২৭ শতাংশ ভোট।
দেশের ২৬ টি অঞ্চলে এই নির্বাচনে প্রথম দফায় ভোট হয় রোববার। দ্বিতীয় দফা ভোট হবে ২১ মার্চ।
প্রথম দফা ভোটে এগিয়ে থাকা স্যোশালিস্ট পার্টির নেতা সেগোলিন রয়্যাল বলেন, "এই ভোটের মাধ্যমে ভোটাররা ডানপন্থীদের উচিত শিক্ষা দিয়েছে।"
সোশ্যালিস্ট পার্টি ২০০৭ সালে সাধারণ নির্বাচনে সারকোজির ইউএমপির কাছে হেরে যায়। এ নির্বাচনে জয়লাভ করে সারকোজি সরকার গঠন করেন।
ফ্রান্সে বেকারত্বের হার বৃদ্ধির কারণে সারকোজির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে।
দেশটিতে ২০১২ সালে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আঞ্চলিক নির্বাচন স্যোশালিস্টদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি সুযোগ এনে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১১৫ঘ.
bdnews24