ফিনল্যান্ড, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানে নতুন নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে জাতিসংঘ প্রস্তাবনা জুন নাগাদ প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে। আর প্রস্তাবনা নিয়ে ভোটাভুটিতে ব্যর্থ হলে ইউরোপীয় রাষ্ট্রগুলো একতরফা পদক্ষেপ নিতে পারে। ফ্রান্স এবং ফিনল্যান্ডের মন্ত্রীরা রোববার একথা বলেছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের সমর্থন পাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে ফ্রান্স। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের মধ্যে রাশিয়া এবং চীনের সমর্থন কিছুটা কম বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফিনল্যান্ডে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তাহান্তের সম্মেলনস্থলে কুচনা সাংবাদিকদের বলেন, "আমরা আলোচনার পর আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টার পাশাপাশি আমরা নিষেধাজ্ঞা নিয়েও কাজ করছি। আমার ধারণা জুনের আগে এটি হওয়া সম্ভব। তবে আমি ততটা নিশ্চিত নই।"
তিনি বলেন, "আমি আশা করছি জুনের আগেই হওয়ার। কিন্তু আমি এ আশা করার বা সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। "
ফ্রান্স ফেব্র"য়ারিতেই জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবনা প্রস্তুত হয়ে যাওয়ার আশা করেছিল।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের সমর্থন পেতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় যোগ দিতে পারে ইইউ।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার স্টাব শনিবার বলেছেন, ইরানে একতরফা নিষেধাজ্ঞা আরোপে ইইউ এ যথেষ্ট মতৈক্য রয়েছে। তিনি বলেন, ২২ মার্চের পরবর্তী ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/
bdnews24