ওয়াশিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ফিলিস্তিনি এলাকায় নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে টেলিফোন করে এই হতাশা ব্যক্ত করেন।
হিলারি ক্লিনটন নেতানিয়াহুকে বলেন, তার সরকার বসতি স্থাপনের যে উদ্যোগ নিয়েছে তা একটি 'নেতিবাচক ইঙ্গিত' এবং এটি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরকালে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি এক বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে তাতেও এটা প্রভাব ফেলেছে।
নিউইয়র্কে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেন, ইহুদি বসতি নির্মাণের এই উদ্যোগের কারণে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোন ক্ষতি হবে না। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘস্থায়ী ও দৃঢ়।
তবে হিলারি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন দেশটিতে সফরে ছিলেন ঠিক সে সময় ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণের এই ঘোষণাটি অপমানজনক।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি জানান, হিলারি ক্লিনটন নেতানিয়াহুকে বলেছেন যে, বসতি স্থাপনের ঘোষণাটি 'দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলের নেতিবাচক ইঙ্গিতই বহন করে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/১৬২৫ঘ.
bdnews24