পোর্ট অ প্রিন্স, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে অপহৃত দুজন ইউরোপীয় ত্রাণকর্মী বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন।
প্রায় এক সপ্তাহ আগে 'ডক্টরস উইদাউট বর্ডারস'-এর এই দুই ত্রাণকর্মীকে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে অপহরণ করা হয়েছিল।
'ডক্টরস উইদাউট বর্ডারস'-এর হাইতির মুখপাত্র মাইকেল পেরেম্যানস বলেন, আমার দুজন নারী সহকর্মীকে গত শুক্রবার অপহরণ করা হয়েছিল। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ ও স্বাভাবিক আছে।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণে তাদের পরিচয় ও অপহরণের ঘটনার বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান ।
অপহৃতদের একজন বেলজিয়ান ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক বলে তিনি রয়র্টাসকে জানিয়েছেন। কারা তাদের অপহরণ করেছিলো, কেন অপহরণ করেছিলো এবং মুক্তিপণ দিতে হয়েছে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
পেরেম্যানস বলেন, 'মুক্তিপণ আমাদের নীতির মধ্যে পড়ে না।'
১২ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে হাইতি লণ্ডভণ্ড হয়ে যায়।
ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় হাজার হাজার ত্রাণকর্মী, সৈনিক ও সাংবাদিক কর্মরত। এই ঘটনার পর তাদের নিরাপত্তা জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে।
পেরেম্যানস জানিয়েছেন, 'ডক্টরস উইদাউট বর্ডারস' গত ১৯ বছর ধরে দরিদ্র দেশ হাইতিতে কাজ করছে। তারা কাজ করে যেতে চায়। তিনি জানান, প্রায় ৪ শ বিশেষজ্ঞ ও ৩ হাজার স্থানীয় কর্মী এখানে কাজ করছেন। ভুমিকম্পের পর থেকে প্রায় ৪০ হাজার মানুষকে তারা সেবা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪১৫ঘ.
bdnews24