২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ভোট জালিয়াতির অভিযোগ

ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গনণায় বেসরকারিভাবে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দল বৃহস্পতিবার ভোট জালিয়াতির অভিযোগ এনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 08:09 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

বাগদাদ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গনণায় বেসরকারিভাবে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দল বৃহস্পতিবার ভোট জালিয়াতির অভিযোগ এনেছে। পাঁচটি প্রদেশে ভোট গণনা হয়েছে। বাগদাদসহ কয়েকটি এলাকার বেসরকারি ফলাফল পাওয়া যায়নি। এ পর্যন্ত ভোট গণনায় প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যায়, দেশের শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির দল এগিয়ে আছে। তবে শেষ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা তা নির্ভর করবে বাগদাদ এবং আরও কয়েকটি এলাকা যেখানে ভোটের ফলাফল সম্পর্কে আগাম কোন ধারনা করা যায়নি তার ওপর। মালিকির প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির ইরাকিয়া পার্টি সংখ্যালঘু সুন্নিদের ভোট বেশি পেয়েছে। ইরাকিয়া পার্টি অভিযোগ করেছে, ভোটাভুটির পর ভোটবাক্স থেকে ব্যালট পেপার বের করে তাতে নতুন সিল মারা ব্যালট ঢোকানো হয়েছে। বের করা ব্যালট আবর্জণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইরাকিয়া পার্টির বিবৃতিতে বলা হয়েছে, "নির্বাচনে যে কারচুপি হয়েছে তাতে আমরা প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি যে, এই জালিয়াতি নির্বাচনের চুড়ান্ত ফলাফলকে মূল্যহীন করে তোলে কী না।" দলটি আরও অভিযোগ করেছে যে, ইরাকি সেনাবাহিনীর আড়াই লাখেরও বেশি সদস্যকে ভোটদানে বিরত রাখা হয়েছে। ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স (আইএনএ) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ভোট গণনার মাঝামাঝি পর্যায়ে ফলাফলের মোড় ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। নির্বাচনে ভোটাভুটির পর চার দিন পার হলেও ১৮ টি প্রদেশে ভোটের ফলাফল পেতে বিলম্ব হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/কেএমএস/১৩৪৫ঘ.