কনস্টিটিউসিও, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন সেবাস্টিয়ান পিনেরা।
শপথ নেওয়ার পর অন্যান্য প্রেসিডেন্টদের মতো সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দিয়ে পিনেরা ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে যান।
লাল জ্যাকেট পরিহিত পিনেরা এসময় বলেন, "আমি মনে করেছি আমার দায়িত্ব হচ্ছে কনস্টিটিউসিওতে আসা।"
গত ২৭ ফেব্র"য়ারি চিলিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫শ' লোক মারা গেছে। দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলে অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর নগরী ভালপারাইসোতে কংগ্রেসে বৃহস্পতিবার শপথ নেন পিনেরা। তার শপথ অনুষ্ঠানের কিছু সময় আগে চিলির মধ্যাঞ্চলে আবার ভূমিকম্প হয়।
এ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ বৃদ্ধি করা এবং এক লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির যে নির্বাচনী অঙ্গীকার পিনেরা করেছিলেন বৃহস্পতিবার ভূমিকম্প পরবর্তী ভূমিকম্পের ফলে তা হুমকির মুখে পড়েছে।
২৭ ফেব্র"য়ারি ৮ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্পে কনস্টিটিউসিওতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে সুনামির সতর্কতা জারি করা হয়।
এদিকে সরকারের জরুরি সেবা বিষয়ক কার্যালয় ওনেমির পুনর্গঠন তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নতুন প্রেসিডেন্ট তার স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ও সুনামি মোকাবিলায় ব্যর্থতার জন্য ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি নানা সমালোচনার মুখে পড়েছে।
চিলির অধিবাসীরা আশা করছে, পিনেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে লেখাপড়া করেছেন। ল্যাটিন আমেরিকার স্থিতিশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম চিলিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠায় তার ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগাবেন।
এ মাসে ৪০ লাখ দরিদ্র পরিবারকে ৪০ হাজার পেসো (৭৭ ডলার) করে সহায়তা দেওয়ার এক কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।
৬০ বছর বয়সী সাবেক সিনেটর পিনেরা ক্রেডিট কার্ড এবং এয়ারলাইন্সের ব্যবসা করে তার ভাগ্যের পরিবর্তন ঘটান। ২ শ ২০ কোটি ডলারের সম্পদ নিয়ে ফোর্বস পরিচালিত বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান ছিল ৪৩৭ তম।
ল্যাটিন আমেরিকার বেশিরভাগ প্রেসিডেন্টই বামপন্থী বা মধ্য বামপন্থী। গত দুদশক ধরে চিলিতে মধ্য-বামপন্থীর শাসনামল শেষে পিনেরাই হচ্ছেন প্রথম রক্ষণশীল নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১২১৫ঘ.
bdnews24