২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের চিড়িয়াখানায় অনাহারে ১১ বাঘের মৃত্যু

চীনের চিড়িয়াখানায় এবছর অনাহারে এবং অপুষ্টিতে ভুগে এ পর্যন্ত কমপক্ষে ১১ টি বাঘ মারা গেছে। স্থানীয় প্রচারমাধ্যম বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 01:27 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

বেইজিং, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের চিড়িয়াখানায় এবছর অনাহারে এবং অপুষ্টিতে ভুগে এ পর্যন্ত কমপক্ষে ১১ টি বাঘ মারা গেছে। স্থানীয় প্রচারমাধ্যম বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে। চীনের চান্দ্র বাঘ বর্ষেই বাঘের মৃত্যুর এ ঘটনা ঘটল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র 'লিয়াওশেন ইভেনিং নিউজ' জানায়, মারা যাওয়া সবগুলো বাঘই চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিংয়ে অবস্থিত শেনইয়াং আইসবার্গ অ্যানিমেল জু চিড়িয়াখানার। প্রতিবেদনে প্রকাশ, ছোট্ট, স্যাঁতস্যাঁতে খাঁচায় বন্দি এসব বাঘকে খাবার হিসাবে দৈনিক মাত্র একটি বা দুটি মরা মুরগি দেওয়া হত। এ পরিস্থিতিতে মাত্র একদিনে ছয়টি বাঘ মারা যায়। চীনের বন্য বাঘের সংখ্যা ক্রমেই কমে আসলেও চিড়িয়াখানাগুলোতে এখনও বেশ কিছু বাঘ বেঁচে আছে এবং দেশটির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বাঘ প্রজনন কেন্দ্রে বাঘের প্রজননও থেমে নেই। এক ট্রাভেল এজেন্সির অনলাইন তথ্যে জানা গেছে, ২০০০ সালে খোলা এ চিড়িয়াখানাটি চীনে প্রথম শ্রেণীর চিড়িয়াখানা। গত এক বছর ধরে অর্থ সঙ্কটে ভুগছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ফলে বাঘদের খাবার কেনার অর্থে টান পড়ে। ওদিকে, চীনে ওষুধ তৈরিতে বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে খাবারের খরচ তুলে আনা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৬ ঘ.