২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ২০ বছর আগের নির্বাচন বাতিল

মিয়ানমার জান্তা সরকার বৃহস্পতিবার ১৯৯০ সালের সাধারণ নির্বাচন বাতিল করেছে। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল প্রধান বিরোধীদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 11:20 AM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ইয়াঙ্গন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমার জান্তা সরকার বৃহস্পতিবার ১৯৯০ সালের সাধারণ নির্বাচন বাতিল করেছে। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল প্রধান বিরোধীদল। বিরোধীদলের বিপুল জয়ের সেই নির্বাচনই অগ্রাহ্য করল মিয়ানমার জান্তা। বৃহস্পতিবার মিয়ানমারের সরকারি পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত বিবৃতিতে জান্তা বলেছে, এ সপ্তাহে প্রকাশিত নতুন নির্বাচনী আইনসঙ্গত না হওয়ার কারণে ১৯৯০ সালের ওই নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মেডিয়াতে এক ঘোষণায় জান্তা বলেছে, "বাতিল আইনে অনুষ্ঠিত বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন নতুন নির্বাচনী আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় ওই নির্বাচনের ফল এমনিতেই বাতিল বলে গণ্য।" মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ১৯৯০ সালের নির্বাচনে জয়লাভ করে। পার্লামেন্টে ৪৮৫ আসনের মধ্যে তারা পায় ৩৯২ টি আসন। কিন্তু দলটিকে শাসনক্ষমতা নিতে দেওয়া হয় নি। মিয়ানমারের বর্তমান জান্তা সরকার এবং তৎকালীন 'স্টেট ল এন্ড অর্ডার রেস্টোরেশন কাউন্সিল' নির্বাচনের ফলকে শ্রদ্ধা জানালেও নতুন খসড়া সংবিধান রচনা এবং নির্বাচনের তদন্ত না হওয়া পর্যন্ত এনএলডি'র হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। মিয়ানমার এ বছর আবার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। ১৯৯০ সালের পর এটি মিয়ানমারে প্রথম নির্বাচন। কিন্তু এ নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছে জান্তা সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.