জাতিসংঘ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ন্যাশনাল সায়েন্স একাডেমিগুলোর একটি দল জলবায়ু বিষয়ক জাতিসংঘের প্রতিবেদন পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বুধবার বলেন, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে ২০০৭ সালে প্রকাশিত এক প্রতিবেদনে কিছু ত্র"টি ধরা পড়ায় এ ব্যাপারে আস্থা স্থাপনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) গত জানুয়ারিতে স্বীকার করে যে, এ প্রতিবেদনে হিমালয়ের বরফ গলার বিষয় অতিরঞ্জিত করা হয়েছে।
আর গত মাসে তারা জানায়, নেদারল্যান্ডসের কতটুকু অংশ সমুদ্রে তলিয়ে গেছে সে বিষয়টিও তারা বাড়িয়ে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০৩৫ সালের মধ্যেই হিমালয়ের হিমবাহ গলে যাবে। বিভিন্ন লেখা থেকে এ ধারণা করা হয়েছে। কিন্তু ওই প্রতিবেদনটি প্রকাশের আগে বিজ্ঞানীরা হিমালয়ের হিমবাহ সম্পর্কিত তথ্য পর্যালোচনা করেননি। একটি নির্ভরযোগ্য উৎস থেকে জানা যায়, হিমালয়ের হিমবাহ গলতে ২৩৫০ সাল লেগে যাবে।
জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের বলেন, "প্রতিবেদনটিতে জলবায়ু পরিবর্তনজনিত যে হুমকির কথা বলা হয়েছে তাতে ছোটখাটো ভুল রয়ে গেছে। বিশ্বের বিভিন্ন বিজ্ঞান একাডেমীর একটি আন্ত একাডেমি কাউন্সিল স্বাধীনভাবে প্রতিবেদনটি পর্যালোচনা করবে।
২০০৭ সালে প্রকাশিত তিন হাজার পৃষ্ঠার এ প্রতিবেদনে ১০ হাজারেরও বেশি বৈজ্ঞানিক লেখার উদ্বৃতি দেওয়া হয়েছে। পরবর্তীদে এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হবে ২০১৩ ও ২০১৪ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৪১০ঘ.
bdnews24