নিউ ইয়র্ক, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিল গেটসকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থানটি নিয়েছেন মেক্সিকোর কার্লোস স্লিম।
এবার ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক মিডিয়া মোঘল ওয়ারেন বাফেট। তবে শীর্ষ পাঁচের বাকি দুটি স্থানই দখল করেছেন দুজন ভারতীয়।
ভারতের খনিজ তেল ও গ্যাস ব্যবসায়ী ও রিলায়েন্স গ্র"পের অংশীদার মুকেশ আম্বানি ২ হাজার ৯শ' কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।
পঞ্চম স্থানে রয়েছেন বিশ্বের সবচেয়ে বড় লৌহশিল্প প্রতিষ্ঠান এক্সেলমিত্তাল-এর কর্ণধার লক্ষীনিবাস মিত্তাল। তার সম্পদের পরিমাণ ২ হাজার ৮শ' ৫০ কোটি ডলার।
বুধবার ফোর্বস ম্যাগাজিন ২০১০ সালের শীর্ষ ধনীদের এই তালিকাটি প্রকাশ করে।
ফোর্বসের তথ্য অনুয়ায়ী, গত বছর সারা বিশ্বে 'বিলিওনিয়ারের' সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পরে তৃতীয় বছরে এসে সারা বিশ্বে এখন বিলিওনিয়ারের মোট সংখ্যা ১ হাজার ১১ জন।
২০০৯ সালে বিশ্বে বিলিওনিয়ারের সংখ্যা ছিলো ৭৯৩ জন। ২০০৮ সালে এই সংখ্যা ছিলো ১ হাজার ১শ' ২৫ জন।
বিশ্বের শীর্ষ ধনী কার্লোস স্লিমের মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৩শ' ৫০ কোটি ডলার। বিল গেটসের সম্পদের পরিমাণ মাত্র ৫০ কোটি ডলার কম অর্থাৎ ৫ হাজার ৩শ' কোটি ডলার।
তৃতীয় স্থানে থাকা ওয়ারেন বাফেটের সম্পদ ৪ হাজার ৭ শ' কোটি ডলার।
তবে গত বছর হারানো সম্পদ এখনো পুনরুদ্ধার করতে পারেননি এই তিন শীর্ষ ধনী। ২০০৮ সালে তাদের মোট সম্পদের পরিমাণ ছিলো ৪ দশমিক ৪ ট্রিলিয়ন।
২০০৯ সালে এই পরিমাণ ২ দশমিক ৪ ট্রিলিয়নে নেমে আসে। এ বছর তাদের তিন জনের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন।
এই তালিকায় আরো রয়েছে ব্রাজিলের খনিজ ব্যবসায়ী ৫৩ বছর বয়সী এইকে বাতিস্তা। তার ২ হাজার ৭শ' কোটি ডলারের সম্পদের মূল উৎস নিজের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারের আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং)।
তালিকায় শীর্ষ দশের মধ্যে আরো রয়েছেন স্পেনের তৈরী পোশাক ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। তার সম্পদের পরিমাণ ২ হাজার ৫শ' কোটি টাকা।
আরো আছেন জার্মানির সবচেয়ে বড় সুপার মার্কেট চেইনের মালিক ও ২ হাজার ৩শ' ৫০ কোটি ডলারের সম্পদের মালিক কার্ল আলব্রেখট।
এ বছর ফোর্বসের তালিকায় ৯৭ জন নতুন ধনীর ৬২ জনই এশীয় এবং তারা বেশিরভাগই চীনের নাগরিক। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এতো বেশি সংখ্যক বিলিওনিয়ারের উত্থান এ বছরই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৩৩০ঘ.
bdnews24