কাবুল, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি পরিচালনার অভিযোগ করেছেন। আফগানিস্তানে ইরানের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র একই ভাষায় অভিযোগ করার পর আহমাদিনেজাদ এই পাল্টা অভিযোগ করলেন।
বুধবার আফগানিস্তান থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের বিদায় এবং আহমাদিনেজাদের কাবুলে পদার্পনের সংক্ষিপ্ত সময়টিতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আহমাদিনেজাদ কাবুল পৌঁছানোর একটু পরই গেটস বিদায় নেন।
এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সেনারা আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে কখনওই সন্ত্রাসের পরাজয় ঘটাতে পারবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রই সন্ত্রাসী তৈরি করেছে। আর তারাই এখন বলছে যে তারা এ বিরুদ্ধে লড়ছে। তারা সন্ত্রাস রুখতে পারবে না। এটি অসম্ভব।
আহমাদিনেজাদ আরও বলেন, "যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে চাওয়ার কথা বলে তারা কখনওই সফল হয় না কেন? কারণ, তারা দ্বৈত নীতি নিয়েছে বলেই আমি মনে করি।"
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এর আগে এ সপ্তাহেই ঠিক একই ভাষায় অভিযোগ করে বলেছিলেন, ইরান আফগানিস্তানে দ্বৈত নীতি নিয়েছে। তারা একইসঙ্গে আফগান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে আর অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ডুবানোর চেষ্টা নিয়েছে। এ বিষয়টি কারজাইকে জানিয়েছেন বলে জানান গেটস।
ওয়াশিংটন বলেছে, ইরান আফগানিস্তানের জঙ্গিদের কিছুটা সমর্থন দিচ্ছে বলে মনে করে তারা। তবে এ সমর্থন ইরাকের মতো একই মাত্রার নয়।
আফগানিস্তানে বেশিরভাগ জঙ্গি তৎপরতার চালাচ্ছে সুন্নি মুসলিমরা। যারা শিয়া ইরানের দীর্ঘদিনের শত্র"।
তবে ইরান আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির জন্য পশ্চিমা সামরিক হস্তক্ষেপকেই দায়ী করেছে।
আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে কটাক্ষ করে আহমাদিনেজাদ বলেন, "আপনাদের দেশ পৃথিবীর আরেক প্রান্তে। ১০ হাজার কিলোমিটার দূরে। সুতরাং, আপনারা এখানে কি করছেন?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৬ ঘ.
bdnews24