কাবুল, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার আফগানিস্তান সফরে গেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার সময়টিতেই সেখানে পৌঁছেন আহমাদিনেজাদ।
আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গেটস। উপরন্তু ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদের কাবুল সফরের দিনক্ষণ সতর্কভাবে নির্ধারণ করার বিষয়টিকেও গেটস স্পষ্টতই ষড়যন্ত্রকারীদের কাজ বলে উল্লেখ করেন।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে গেটস আফগানিস্তানে তেহরান দুমখো নীতি নিয়ে খেলছে বলে অভিযোগ করেন। এরপরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় আহমাদিনেজাদের কাবুল সফরের নতুন দিন বুধবার বলে জানায়। এর আগে আহমাদিনেজাদের আফগানিস্তানের নির্ধারিত দিন সোমবার বলে জানানো হয়েছিল।
ইরানের আধা-সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, গত বছর ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর আফগানিস্তানে এটাই আহমাদিনেজাদের প্রথম সফর।
বার্তা সংস্থাটি আরো জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্ট কারজাইয়ের আমন্ত্রণে তিনি আফগানিস্তান গেছেন। দুই নেতা আফগানিস্তানের বর্তমান সংকট সমাধানের বিষয় নিয়েও আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো সহযোগিতা করুক।
ওদিকে, ইরান বলেছে, আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতিই দেশটির প্রধান সমস্যা।
২০০১ সালে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র সেখানে সেনাবাহিনী পাঠায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাবাহিনী এখনও দেশটিতে মোতায়েন রয়েছে।
গেটস বুধবার আফগানিস্তান ছাড়ার আগে সাংবাদিকদের জানান, তিনি প্রেসিডেন্ট হামিদ করাজাইকে বলেছেন, ওয়াশিংটন চায় কাবুলের সঙ্গে তার প্রতিবেশীদের সম্পর্ক ভালো থাকুক।
তিনি বলেন,"তবে আমরা এও চাই যে আফগানিস্তানের প্রতিবেশীরা সামনে থেকে আফগান সরকারের সঙ্গে বিষয়গুলো সুরাহা করুক।"
চলতি বছর শেষে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা ১ লাখে দাঁড়াবে। ওয়াশিংটন মনে করে, ইরান আফগানিস্তানের জঙ্গিদের কিছুটা সমর্থন দিচ্ছে। তবে এ মাত্রা ইরাকের জঙ্গিদের সহায়তা করার মতো একই মাত্রার নয়।
আফগানিস্তানের তালেবান জঙ্গিরা মূলত সুন্নি মুসলমান। এদের সঙ্গে ইরানের শিয়া মুসলমানদের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক রয়েছে।
আফগানিস্তানে ইরানের প্রভাব ক্রমেই বাড়ছে। বিশেষ করে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে, যেখানে দেশ দুটির মধ্যে সুদৃঢ় অর্থনৈতিক বন্ধন রয়েছে।
গত তিন দশকের যুদ্ধে বহু আফগান শরণার্থী ইরানে পাড়ি জমিয়েছিল এবং আফগানিস্তানের দুটি রাষ্ট্রভাষার একটি ইরানের ফার্সি।
তেহরানের অভিযোগ, আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতেই পশ্চিমা সেনারা দেশটিতে প্রবেশ করেছে। গত জানুয়ারিতে লন্ডনে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ ইরান প্রত্যাখ্যান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭২৯ ঘ.
bdnews24