২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পশ্চিমা ত্রাণসংস্থায় জঙ্গি হামলায় নিহত ৬

পাকিস্তানের পশ্চিমা একটি ত্রাণসংস্থার কার্যালয়ে বুধবার জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্ততপক্ষে ৬ পাকিস্তানি ত্রাণকর্মী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ইসলামাবাদ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের পশ্চিমা একটি ত্রাণসংস্থার কার্যালয়ে বুধবার জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্ততপক্ষে ৬ পাকিস্তানি ত্রাণকর্মী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। পুলিশ জানায়, ইসলামাবাদের ৮০ কিলোমিটার উত্তরে মানসেরা জেলায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক ত্রাণসংস্থা ওয়ার্ল্ড ভিশন এজেন্সির কার্যালয়ে জঙ্গি হামলায় হতাহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ৯ টার দিকে জঙ্গিরা হামলা চালায়। আসিফ নামে পরিচয় দিয়ে কার্যালয়ের এক কর্মকর্তা জানান, "প্রায় ১০ জন কার্যালয়ে ঢুকেছিল। সবাই ছিল মুখোশ পরা। তারা দরজায় লাথি মেরে ভেতরে ঢুকে সবাইকে অফিস থেকে বের করে নিয়ে যায়। পরে তাদেরকে একজায়গায় দাঁড় করিয়ে গুলি করতে শুরু করে। চলে যাওয়ার সময় তারা বোমা ছুড়েছে।" এর আগে এক খবরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাজিদ খান টেলিফোনে রয়টার্সকে বলেন, "জঙ্গিরা প্রথমে একটি বোমা ফেলে। তারপর গুলি ছোড়ে। আমরা হতাহতের সঠিক সংখ্যা জানি না। তবে প্রাথমিক খবরে ৪ থেকে ৫ জন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।" ওয়ার্ল্ড ভিশনের এক কর্মকর্তা আগের খবরে জানিয়েছিলেন, সংস্থাটির অন্ততপক্ষে ৫ জন কর্মী নিহত হয়েছে। বোমা হামলায় কার্যালয় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের কাছে বড় গর্ত হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.