২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের নতুন বসতিস্থাপন পরিকল্পনার নিন্দায় বাইডেন

জেরুজালেম সংলগ্ন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে ১৬ শ' বাড়ি নির্মাণ পরিকল্পনার নিন্দা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 09:05 AM

Updated : 24 Aug 2022, 07:26 PM

জেরুজালেম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ)- জেরুজালেম সংলগ্ন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে ১৬ শ' বাড়ি নির্মাণ পরিকল্পনার নিন্দা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টায় বাইডেনের ইসরায়েল সফরের মাঝামাঝি সময় বাড়ি নির্মাণের ওই পরিকল্পনা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও নতুন বসতিস্থাপন বন্ধ করতে ইসরায়েলের অস্বীকৃতি শান্তি আলোচনায় বড় ধরনের প্রতিবদ্ধকতা হয়ে আছে। এ অবস্থায় ইসরায়েলের নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনা ঘোষণায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের আগে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশ ভোজের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, "আরও নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুনোর যে সিদ্ধান্ত ইসরায়েল সরকার নিয়েছে আমি তার নিন্দা জানাই।" তিনি বলেন, "জেরুজালেম সংলগ্ন অধিকৃত পশ্চিম তীরের রামাত স্লোমো ইহুদি বসতিতে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনায় আস্থা ক্ষুন্ন হচ্ছে, যা এই মুহূর্তে জরুরি। তাছাড়া এটি ইসরায়েলে আমার গঠনমূলক আলোচনারও পরিপন্থি।" গত সপ্তাহে আরব লিগের কথায় ফিলিস্তিনিরা আলোচনা শুরুর জন্য ইসরায়েলের বসতিস্থাপন বন্ধ করার শর্ত বাদ দেয় এবং চার মাস পর্যন্ত পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে রাজি হয়। মাহমুদ আব্বাসের সহযোগী নাবিল আবু রুদেইনা রয়টার্সকে বলেন, "ইসরায়েল আলোচনাতেও আগ্রহী নয়, শান্তিতেও না।" তিনি আরও জানান, রামাত স্লোমো প্রকল্প শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫০১ ঘ.