বাগদাদ, মার্চ ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের এই হার গত বছর প্রাদেশিক নির্বাচনে ভোটের চেয়েও বেশি।
এএফপি জানিয়েছে, সোমবারের ভোটে এগিয়ে আছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। তবে ক্ষমতা ধরে রাখতে তাকে এখনও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে।
কর্মকর্তারা সোমবার বলেন, সুন্নি জঙ্গিদের নির্বাচন বানচাল করার হুমকি এবং নির্বাচনের দিন ব্যাপক হামলা সত্ত্বেও ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ভোট চলাকালে সুন্নি জঙ্গিদের মর্টার, গ্রেনেড ও বোমা হামলায় ৩৮ জন নিহত হয়।
জঙ্গি হামলা সত্ত্বেও নির্বাচনে ৬২ শতাংশ ভোটারের ভোটদান সন্তোষজনক।
রোববার নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয় সোমবার। ফলাফলের জন্য আরও দুএকদিন সময় লাগতে পারে।
প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, প্রধানমন্ত্রী নূরি আল মালিকির নেতৃত্বাধীন 'স্টেট অব ল ব্লক' জোট শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে ভালো করছে। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আলাবির নেতৃত্বাধীন সুন্নি-শিয়া জোট দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এগিয়ে রয়েছে।
প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বাগদাদে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সম্মানে আয়োজিত এক নৈশভোজ সভায় বলেন, যারা ইরাক এবং ইরাকের জনগনকে ভালোবাসে তারা নির্বাচনকে সফল দেখতে চায়। আর যারা একনায়কত্ব ও সন্ত্রাসবাদে বিশ্বাসী তারা এই নির্বাচনের বিরোধী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কেএমএস/১২১৫ঘ.
bdnews24