২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছু হটছে ম্যালেরিয়া, এইডস ও যক্ষ্মা: গ্লোবাল ফান্ড

খুব বেশি দেরী নেই, যেদিন ম্যালেরিয়া, এইডস এবং যক্ষ্মার মতো প্রাণ সংহারক রোগগুলো পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 02:33 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

জেনেভা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খুব বেশি দেরী নেই, যেদিন ম্যালেরিয়া, এইডস এবং যক্ষ্মার মতো প্রাণ সংহারক রোগগুলো পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে। প্রাণঘাতী এ সমস্ত রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য তহবিল সরবরাহকারী আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল ফান্ডের প্রতিবেদনে সোমবার এ আশাই প্রকাশ করা হয়েছে। আগামী এক দশকের মধ্যেই বেশির ভাগ দেশ থেকে ম্যালেরিয়া বিদায় নিতে পারে বলে জানায় গ্লোবাল ফান্ড। ম্যালেরিয়া, এইডস এবং যক্ষ্মার বিরুদ্ধে লড়ে যাওয়া গ্লোবাল ফান্ড আরও জানায়, মা থেকে শিশুর মধ্যে এইডসের এইচআইভি ভাইরাস সংক্রমণ বন্ধ হয়ে যেতে পারে ২০১৫ সালের মধ্যে । ২০১০ সালের প্রতিবেদনে গ্লোবাল ফান্ড জানায়, পৃথিবীর বহু দেশেই যক্ষ্মা রোগের প্রকোপ কমে আসছে। গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক মাইকেল কাজাটকাইন এক বিবৃতিতে বলেন, "২০১৫ সালের মধ্যে এমন একটি পৃথিবী সত্যিই সম্ভব যেখানে কোনও শিশু আর এইচআইভি ভাইরাস নিয়ে জন্মাবে না।" তিনি আরও বলেন, "এখন এমন একটি পৃথিবীও কল্পনা করা সম্ভব যেখানে ম্যালেরিয়ায় কোনও মৃত্যু ঘটবে না।" সংস্থাটি জানায়, ২০০২ সালে কার্যক্রম শুরু করার পর এ পর্যন্ত তারা ৪ দশমিক ৯ মিলিয়ন মানুষের জীবন রক্ষা করতে পেরেছে। নারী ও শিশুদের সবচেয়ে বড় ঘাতক হিসাবেই রোগ তিনটি পরিচিত। বিশেষ করে সাব সাহারা আফ্রিকার গর্ভবর্তী মায়েদের মৃত্যুর ৫২ শতাংশেরই কারণ এইচআইভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা। ১৬ থেকে ১৮ শতাংশ শিশু মৃত্যুর কারণ ম্যালেরিয়া। প্রতিবেদনে প্রাণঘাতী এসব রোগের বিরুদ্ধে লড়াইয়ে আরও অর্থ চাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৩১ ঘ.