লস এঞ্জেলেস, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস)- ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র 'হার্ট লকার' এবার সেরা ছবি হিসেবে অস্কার পুরস্কার লাভ করেছে।
ছবিটির পরিচালক ক্যাথরিন বিগেলো শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন। ক্যাথরিন বিগলো হচ্ছেন প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা যিনি অস্কার পেলেন।
সেরা ছবি, সেরা পরিচালকসহ 'হার্ট লকার' মোট ছয়টি ক্ষেত্রে অস্কার পুরস্কার লাভ করেছে।
এ ছবির কাহিনী ও সংলাপ রচয়িতা মার্ক বোল সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার লাভ করেন। এ ছাড়া এ ছবিটি শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা ও শ্রেষ্ঠ সংযোজনা-এই তিনটি ক্ষেত্রে অস্কার লাভ করেছে।
ক্যাথরিন বিগেলোর 'হার্ট লকার' ছবিটি তার সাবেক স্বামী জেমস ক্যামেরনের নির্মিত 'অ্যাভাটার' ছবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই অস্কার পুরস্কার জিতে নেয়। বক্স অফিস মাতিয়ে ফেলা 'অ্যাভাটার' ছবিটি এবার অস্কার পেতে পারে-এমন ধারণা ছিলো শুরু থেকেই।
কিন্তু অ্যাভাটার ছবিকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের মার্যাদা লাভ করেছে হার্ট লকার। আর ক্যাথরিন বিগেলো অস্কারের ইতিহাসে এই প্রথম অস্কার জয়ী নারী চলচ্চিত্র নির্মাতার মর্যাদা অর্জন করলেন।
অ্যাভাটার ছবিও তিনটি ক্ষেত্রে অস্কার পেয়েছে। তবে সেগুলো কারিগরী ক্ষেত্রে। এগুলো হচ্ছে, ভিজ্যুয়্যাল ইফেক্টস, সিনেমাটোগ্রাফী ও শিল্প নির্দেশনা।
অস্কার পুরস্কার লাভ করার পর ক্যাথরিন বিগেলো আনন্দে ফেটে পড়েন। তিনি বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। এটা সারা জীবনের এক আনন্দময় মুহুর্ত।
'ক্রেজি হার্ট' ছবিতে মাতাল গায়কের ভুমিকায় অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পেয়েছেন জেফ ব্রিজ।
'দ্য ব্লাইন্ড সাইড' ছবিতে দৃঢ় মনোবল সম্পন্ন একজন মায়ের ভুমিকায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন সান্দ্রা বুললক। এই ছবিতে তিনি ছিন্নমূল শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে লালন পালন করে সফল ফুটবলার হিসেবে গড়ে তোলেন।
দুটি ক্ষেত্রে অস্কার লাভ করেছে 'প্রেশাস' ছবি। এ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন অভিনেত্রী মো'নিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩০০ঘ.
bdnews24