বাগদাদ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৭ টায় ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দেওয়া শুরু করেন।
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার হামলার হুমকির মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
আল কায়েদার হুমকি সত্ত্বেও অনেক স্থানে ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে থাকেন।
ভোট শুরু হওয়ার আগে ইরাকের প্রধানমন্ত্রী নুরি মালিকি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ইরাকিদের প্রতি আহবান জানান। তিনি বলেন, এই নির্বাচন ইরাকের গণতন্ত্রকে মজবুত করবে।
২০০৩ সালের পর এটা ইরাকে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১০৫০ঘ.
bdnews24