বোস্টন, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিনা মূল্যে এবং ভর্তুকি দিয়ে ৩ লাখ দরিদ্র রোগীর চোখে অস্ত্রোপচারের জন্য ভারতের অরবিন্দ আই কেয়ার সিস্টেম পাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক পুরস্কার।
শুক্রবার জুরি বোর্ডের সদস্যরা এ কথা জানায়।
মানব সেবায় অসামান্য অবদানের জন্য এ বছর ১৫ লাখ ডলারের কনরাড এন. হিলটন মানবিক পুরস্কারের জন্য বিশ্বের বৃহত্তম চক্ষু সেবাদানকারী প্রতিষ্ঠান অরবিন্দকেই বেছে নেওয়া হয়েছে।
আগামী ২০ এপ্রিল ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
১৯৯৬ সালে প্রয়াত হোটেল মালিকের প্রতিষ্ঠিত হিলটন ফাউন্ডেশন বিশ্বের দরিদ্র মানুষের সেবায় এ পুরস্কারটি প্রতি বছরই দিয়ে আসছে। চলতি বছর এ পুরস্কারের জন্য ২০০টি প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল।
এসব প্রতিষ্ঠানের মধ্যে অতীতে পুরস্কার পাওয়া চিকিৎসকদের সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস, দারিদ্র্য বিমোচনকারী সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমও ছিল।
প্রয়াত চিকিৎসক ডা. গোবিন্দপ্পা ভেঙ্কটস্বামী ১৯৭৬ সালে অরবিন্দ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ভারতে পাঁচটি হাসপাতাল পরিচালনা করছে। সেইসঙ্গে তাদের বেশ কিছু গবেষণাগার, একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নির্মান কেন্দ্রও আছে।
হিলটন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্টিভেন হিলটন রয়টার্সকে বলেন, "অরবিন্দ একটি স্মরণযোগ্য প্রতিষ্ঠান। তারা যে কাজটি করছে তার প্রভাব ব্যাপক। ৭০ ভাগ রোগীকে তারা বিনামূল্যে কিংবা সামান্য অর্থে অস্ত্রোপচার করাচ্ছে।"
ধারণা করা হয়, বিশ্বের আনুমানিক সাড়ে চার কোটি অন্ধের বেশিরভাগই উন্নয়নশীল দেশগুলোতে বসবাস করে। এর মধ্যে শুধু ভারতেই অন্ধ মানুষের সংখ্যা ১ কোটি ২০ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৪৫ঘ.
bdnews24