জাতিসংঘ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত বিষয়ে দেশটির জবাবদিহির ব্যাপারে বিশেষজ্ঞ প্যানেলের কাছে পরামর্শ চাইবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তার মুখপাত্র মার্টিন নেসিরকি শুক্রবার এ কথা জানান।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আলাপকালে বান কি মুন বলেন, তিনি এ ব্যাপারে বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা ভাবছেন।
নেসিরকি জানান, জাতিসংঘ মহাসচিব আরও বলেছেন, এ ধরনের প্যানেল শ্রীলংকা সম্পর্কিত বিষয়ে দেশটির জবাবদিহির প্রশ্নে তাকে পরামর্শ দেবে।
শ্রীলংকার জাফনায় তামিল গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের শেষ দিকে কয়েক মাসে হাজার হাজার বেসামরিক লোকের প্রাণহানির ব্যাপারে জবাবদিহি করার জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করেছে।
জাফনায় ২৫ বছর ধরে চলা এই লড়াইয়ে শ্রীলংকা সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
মানবাধিকার সংঘঠনগুলো যে ভাবে চাইছে জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেল ঠিক তেমনটি হবে কী না তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৩৫ঘ.
bdnews24