ওয়াশিংটন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগনে দুই নিরাপত্তা কর্মকর্তার ওপর বন্দুকধারীর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নেই। বন্দুকধারী একাই ওই ঘটনা ঘটিয়েছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ।
কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে বন্দুকধারী আহত হয়ে পরে মারা গেছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে গণমাধ্যমগুলো জানায়, বন্দুকধারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম জন প্যাট্রিক ব্যাডেল। বয়স ৩৬ বছর। সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
পেন্টাগনের পুলিশ প্রধান রিচার্ড কেভিল সাংবাদিকদের বলেন, "গুলির ঘটনার সঙ্গে কোনও অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সম্পর্ক থাকার আলামত পাওয়া যায়নি। ব্যাডেলের সঙ্গে কেউ জড়িত ছিল বলেও মনে হচ্ছে না।"
তিনি বলেন, ব্যাডেলের উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানে না। তবে বিষয়টি সম্পর্কে ক্লু পাওয়ার জন্য 'প্যাট্রিকব্যাডেল' চিহ্নিত ইন্টারনেট বার্তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এ সমস্ত বার্তায় যুক্তরাষ্ট্রের মারিজুয়ানা আইন এবং ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ায় জন প্যাট্রিক ব্যাডেলের বিরুদ্ধে মারিজুয়ানা সম্পর্কিত অপরাধের অভিযোগের কথা উল্লেখ আছে।
তবে ইন্টারনেটের এ বার্তাগুলো ওই বন্দুকধারীরই পাঠানো কিনা কর্তৃপক্ষ এখনও সে ব্যাপারে নিশ্চিত নয়।
খবরে বলা হয়েছে, প্যাট্রিক ব্যাডেল বৃহস্পতিবার সন্ধ্যায় পেন্টাগনের মূল প্রবেশ পথে পাতাল রেল স্টেশনের কাছে দুজন নিরাপত্তার কর্মকর্তার ওপর গুলি চালায়। এসময় নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালালে সে আহত হয়।
খবরে আরও বলা হয়, আহত ব্যাডেলের অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়।
পেন্টাগনের পুলিশ প্রধান রিচার্ড কেভিল সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি পেন্টাগন ভবনে ঢোকার জন্য পাস না দেখিয়ে বন্দুক বের করে তিন নিরাপত্তা কর্মকর্তার ওপর গুলিবর্ষণ করে। এতে দুজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে সে আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫১০ঘ.
bdnews24