অটোয়া, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) আফগানিস্তানে মার্কিন বাহিনীর অধিনায়ক জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের ক্ষমতা বাড়ানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বৃহস্পতিবার এ কথা জানান।
পেট্রাউস বলেন, তিনি জেনারেল ম্যাকক্রিস্টালের ক্ষমতা বৃদ্ধি করেছেন। এর ফলে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা তিনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেলেন।
কর্মকর্তারা বলেছেন, ক্ষমতা বৃদ্ধির ফলে আফগানিস্তানে মেরিন বাহিনী এবং স্পেশাল অপারেশনাল ফোর্সের ওপর জেনারেল ম্যাকক্রিস্টালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে। এর ফলে তিনি সামরিক অভিযান এবং কৌশলগত ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন।
জেনারেল ম্যাকক্রিস্টাল আফগানিস্তানে মার্কিন বাহিনী এবং ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার ক্ষমতা বাড়ানো হলেও সেখানে বন্দিদের বিষয়টি দেখভালের দায়িত্বে নিয়োজিত মার্কিন জয়েন্ট টাস্ক ফোর্স এবং অপর একটি সেনাদল ন্যাটো কমান্ডার হিসেবে তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে।
তাবে মার্কিন সেনাবাহিনীর কমান্ডার হিসেবে এ দুটি ইউনিট তার অধীনেই থাকবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে জেনারেল পেট্রাউস আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধের বিষয়গুলো দেখভাল করেন। তিনি বলেন, মার্কিন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই জেনারেল ম্যাকক্রিস্টালের ক্ষমতা বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩৪০ঘ.
bdnews24