২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির পুনর্গঠনে ঋণ প্রয়োজন : ব্যাশেলে

চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে বলেছেন, ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া চিলির পুনর্গঠন কাজে আন্তর্জাতিক ঋণ প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 06:20 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

কনসেপসিও, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে বলেছেন, ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া চিলির পুনর্গঠন কাজে আন্তর্জাতিক ঋণ প্রয়োজন। তিনি বৃহস্পতিবার বলেন, দেশটি পুনর্গঠনে তিন থেকে চার বছর লেগে যাবে। আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে আমাদের ঋণ নেওয়া প্রয়োজন। ব্যাশেলে বলেন, আমরা এ ব্যাপারে বিশ্বব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। আশা করি আমরা পর্যাপ্ত তহবিল পাবো। গত শনিবার ৮ দশমিক ৮ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় চিলি। এতে ৮ শ ২ জন নিহত হয়েছে। বহু লোক আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। তবে চিলির সরকার বৃহস্পতিবার বলেছে, তারা ২৭৯ টি মৃতদেহ সনাক্ত করতে পেরেছে। ভূমিকম্পের পর বিধ্বস্ত দেশটির অনেক শহরে লুটপাট শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ হাজার সৈন্য মোতায়েন করা হয়। কনসেপসিও ও অন্যান্য শহরে সান্ধ্য আইন জারি ও সেনা টহল বাড়ানো হয়েছে। এদিকে বুধবার রাতে চিলিতে আবারও ভুমিকম্প হয়। আতঙ্কিত চিলিবাসী এই ভূমিকম্পের সময় ছোটাছুটি শুরু করে। কর্মকর্তারা জানান, এই ভূমিকম্পের তীব্রতা ছিলো রিকটার স্কেলে ৬ দশমিক ১। ভূমিকম্প পরবর্তী এই ভূমিকম্পের পর নতুন করে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। চিলির কর্তৃপক্ষ দেশবাসীর প্রতি শান্ত থাকার আহবান জানিয়েছেন। কর্মকর্তারা জানান, শনিবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির শোক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন ভুমিকম্পের ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে চিলির দুর্গত মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২১৫ঘ.