২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল, পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনায় খামেনি

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা করে মুসলিম ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

তেহরান, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা করে মুসলিম ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার তিনি বলেন, ইসরায়েল একটি 'বিপজ্জনক ও মারাত্মক ক্যান্সার'। মুসলিম বিশ্বের জন্য এ এক বড় ধরনের ক্ষত। ওদিকে, পশ্চিমা বিশ্বের সমালোচনায় তিনি বলেন, তারা ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে বিভেদ আরও বাড়াতে চাইছে। মহানবী হযরত মুহম্মদ (সাঃ) জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, "ইসলাম ও মুসলিমদের শত্র"রা বিশ্বে মুসলমানদের মধ্যেই বিরোধ বাধাতে চায়। আর সেকারণেই মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।" ইসরায়েল সম্পর্কে তিনি বলেন, "ফিলিস্তিনের পবিত্র ভূমি দখল করে রাখা এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদি শাসকদের সীমাহীন নির্মমতা মুসলিম বিশ্বের দেহে এক বিশাল ক্ষত।" তার বক্তব্যের কিছু অংশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি হসাবে দেখে আসছে। ওদিকে, পশ্চিমাদের সঙ্গেও পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দিগ্ধ। ইরানের সুন্নি মুসলিম প্রতিবেশীদের মধ্যে সৌদি আরবের মতো অনেক দেশেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক আছে। সৌদি আরবও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। খামেনি বলেন, পশ্চিমারা ইচ্ছাকৃতভাবেই মুসলিম দেশগুলোর মধ্যে অবিশ্বাস সৃষ্টির নীতি নিয়েছে। তিনি আরও বলেন, "অধিকৃত মুসলিম ভূখন্ড রক্ষার প্রয়োজনে চুক্তিবদ্ধ হয়েও মুসলিম বিশ্ব আমেরিকা, ব্রিটেনের প্রচারণা এবং শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে তাদের বিভেদ সৃষ্টির চক্রান্তে প্রভাবান্বিত হয়েছে।" মুসলিমদের মধ্যে বিভেদ এবং বিরোধের কারণে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি ইস্যু থেকে মুসলিম জনমত যে অন্যদিকে মোড় নেবে আমেরিকা এবং ব্রিটেন তা ভালো করেই জানে বলে খামেনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৫ ঘ.