২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় মোবাইলে লেনদেন অর্থ ও জীবন বাঁচায়

প্রায় এক বছর আগে মুক্তার আলীর ভাই সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ত বাকারা বাজারে বন্দুকধারীদের হাতে নিহত হন এবং তার ২০০ ডলার চুরি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 09:39 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

নাইরোবি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় এক বছর আগে মুক্তার আলীর ভাই সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ত বাকারা বাজারে বন্দুকধারীদের হাতে নিহত হন এবং তার ২০০ ডলার চুরি হয়। টাকাকড়ি নিয়ে দোকানে তা জমা দিতে গেলে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুক্তারের ভাই। মুক্তার আলী তাই আক্ষেপ করে বলেন, মোবাইল ফোনে অর্থ লেনদেনের ব্যবস্থা চালু থাকলে তার ভাই আজ জীবিতই থাকত। উল্লেখ্য, গত মাসে সোমালিয়ায় মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের নতুন ব্যবস্থা চালু করে দেশটির সবচেয়ে বড় মোবাইল টেলিকম ফার্ম। টেলিকম ফার্ম সাফারিকম প্রতিবেশী কেনিয়াতেও মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন ব্যবস্থা চালু করেছে আগেই। বর্তমানে ৮০ লাখ গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে নগদ অর্থ পাঠানো ছাড়াও পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করছে। শুধু তাই নয়, মোবাইল ফোনের মাধ্যমে তারা কিছু কিছু কোম্পানির ডিভিডেন্ডও বেচাকেনা করছে। সোমালিয়ার সবচেয়ে বড় টেলিকম সংস্থা হরমুড টেলিকম জানিয়েছে, তারা অর্থ লেনদেনের জন্য একটি সফটওয়ারের নকশা তৈরি করেছে। সাফারিকমের পরামর্শ ও সহায়তায় এটি তৈরি করা হয়েছে। নতুন এ সেবায় অর্থ লেনদেনের ক্ষেত্রে সোমালি জনসাধারণের নিরাপত্তা ঝুঁকি কমবে বলেই আশা করা হচ্ছে। কারণ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেশি সোমালি মুদ্রা বহন করা এমনিতেই অনিরাপদ। যেসব গ্রাহক এ সেবার জন্য রেজিস্ট্রেশন করবে তারা ফোন কোম্পানির মাধ্যমে নগদ টাকা জমা রাখতে পারবে এবং ফোনে ঋণের টাকা গ্রহণও করতে পারবে। এরপর তারা শুধু মোবাইল ফোনের বোতাম টেপার মাধ্যমে এ সেবা নেওয়ার জন্য তালিকাভুক্ত অন্য ব্যক্তিদেরও অর্থ পাঠাতে পারবে। মুক্তার বলেন,"ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। সে সামান্য কিছু অর্থ আমার দোকানে পাঠানোর জন্য গিয়েছিল, অথচ ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে। তাই আমি মনে করি নতুন এ ব্যবস্থাটি ওই সময় চালু থাকলে আমার ভাই এভাবে মারা যেত না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৩১ ঘ.