এথেন্স, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিস সরকার ৪ দশমিক ৮ বিলিয়ন ইউরো বাঁচানোর পাশাপাশি বাজেট সঙ্কট কাটাতে নতুন করে কর বাড়ানো এবং ব্যয় হ্রাসের কঠোর কৃচ্ছতাসাধন পরিকল্পনা নিয়েছে।
পঙ্গু করে দেওয়ার মতো ঋণের বোঝা সামলাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ পরিকল্পনায় সহায়তা করবে বলে প্রত্যাশা করছে গ্রিস।
গ্রিসের এ কঠোর কৃচ্ছতাসাধন পরিকল্পনার আওতায় বিক্রয় কর বাড়বে, কমবে সরকারি চাকরিজীবীদের ছুটির দিনের বোনাস, বন্ধ হয়ে যাবে পেনশন।
গ্রিসের সঙ্কট ইউরোজনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আশঙ্কায় ইইউ এ কৃচ্ছতাসাধন পদক্ষেপের ডাক দেয়।
গ্রিসের ট্রেড ইউনিয়ন নতুন এ পরিকল্পনার নিন্দা জানালেও ইইউ এবং আইএমএফ একে স্বাগত জানিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট গ্রিসের পরিকল্পনাকে ইউরোপের একযোগে সমর্থন দিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন।
ববিসি জানায়, নতুন পদক্ষেপের আওতায় পেনশন বন্ধ হয়ে যাওয়াসহ সরকারি খাতে ব্যয় হ্রাস পাবে, বিক্রয় কর বেড়ে যাবে ১৯ শতাংশ থেকে ২১ শতাংশ। জ্বালানি, সিগারেট এবং মদসহ অন্যান্য বিলাসবহুল পন্যের ওপর কর বাড়বে।
গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ দেশের বাজেট সংকটকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, এ সিদ্ধান্ত দেশের অস্তিত্ব এবং অর্থনীতি টিকিয়ে রাখার প্রয়োজনে নেওয়া হয়েছে।
গ্রিক সরকার ২০১০ সালের মধ্যে বাজেট ঘাটতি ১২ দশমিক ৭ শতাংশ থেকে ৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্র"তি দিয়েছে। তারা ৩০০ বিলিয়ন ইউরো (৪১৯ বিলিয়ন ডলার; ২৫৯ বিলিয়ন পাউন্ড) ঋণ কমিয়ে আনারও পথ খুঁজছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো বলেছেন. এ পরিকল্পনা এটিই প্রমাণ করেছে যে, গ্রিক সরকার ঘাটতি কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নিতে প্রতিশ্র"তিবদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৪০২ ঘ.
bdnews24