কাজবেগি, জর্জিয়া, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়া ও রাশিয়া সোমবার পার্বত্য এলাকায় তাদের একটি সীমান্ত পথ খুলে দিয়েছে।
২০০৬ সালের জুলাই মাস থেকে এতদিন এই সীমান্ত পথ বন্ধ ছিলো।
সীমান্ত পথটি খুলে দেওয়ার মধ্য দিয়ে জর্জিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো।
সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুটি প্রজাতন্ত্রের মধ্যে ২০০৮ সালে যুদ্ধ বেঁধে যায়। এ যুদ্ধ অল্পদিন স্থায়ী হয়েছিলো।
ককেসাস পার্বত্য অঞ্চলের ভেতর দিয়ে দু দেশের মধ্যে সরাসরি স্থল যোগাযোগের একমাত্র সীমান্ত পথ ভারখনি লারস পাসের এই দারিয়াল চেকপয়েন্ট। এ ছাড়া জর্জিয়া ও রাশিয়ার মধ্যে সড়ক যোগাযোগ রয়েছে আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া ঘুরে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কারণের চেয়ে অর্থনৈতিক কারনেই এই সীমান্ত পথটি খুলে দিল রাশিয়া এবং জর্জিয়া।
দু দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার সকালেই সীমান্ত পথটি খুলে দেয়। কিন্তু জর্জিয়ার স্থানীয় সময় দুপুর পর্যন্ত এই পথ দিয়ে কোন যানবাহন বা লোকজন যাতায়াত করেনি।
উল্লেখ্য, সীমান্ত পারাপারের জন্য দু দেশের নাগরিকদেরই ভিসা নিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২০৪০ঘ.
bdnews24