দ্য হেগ, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়ার সার্ব নেতা রাদোভান কারাদজিচ তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সোমবার আন্তর্জাতিক আদালতে অস্বীকার করেছেন।
৬৪ বছর বয়সী কারাদজিচ গণহত্যার দুটি ঘটনাসহ তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের ১১ টি আভিযোগই অস্বীকার করেন। তিনি বসনিয়া যুদ্ধে গণহত্যার দায়িত্বও অস্বীকার করেন।
১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় যুদ্ধে মুসলিম ও ক্রোট জনগোষ্ঠীর ওপর সার্বরা বর্বর নির্যাতন চালায়।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে কারাদজিচ বলেন, সার্বরা যা কিছু করেছে তাকে অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। কিন্তু সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে যাওয়ার পর তিনটি জনগোষ্ঠীই নিজ নিজ মাতৃভূমির জন্য লড়াই করেছে। আর এটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ঘটেছে।
কারাদজিচ বলেন, যুগোশ্লাভিয়াও ভেঙ্গেছে যুদ্ধের মধ্য দিয়েই।
রাদোভান কারাদজিচ গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সন্মুখীন হতে অস্বীকার করেন। কিন্তু এখন তিনি আত্মপক্ষ সমর্থণ করছেন।
আদালতে তিনি সার্ব ভাষায় বক্তব্য রাখেন। এসময় দোভাষির মাধ্যমে তার বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়।
কারাদজিচ লিখিত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যের সমর্থণে অডিও রেকর্ডিং এবং ভিডিও চিত্রও উপস্থাপন করেন।
কারাদজিচ তার আত্মপক্ষ সমর্থণে প্রাথমিক বক্তব্য রাখার জন্য দুদিন সময় পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৮৫০ঘ.
bdnews24