২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তেলের দাম কমাতে মিত্রদের চাপের মুখে কংগ্রেস

ভারতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারে কংগ্রেস সরকার তার মিত্রদের চাপের মুখে পড়েছে। যদিও তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত মুদ্রাস্ফীতিতে নতুন মাত্রা যোগ করলেও অর্থনৈতিক ঘাটতি কমানোর জন্য সহায়ক হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারে কংগ্রেস সরকার তার মিত্রদের চাপের মুখে পড়েছে। যদিও তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত মুদ্রাস্ফীতিতে নতুন মাত্রা যোগ করলেও অর্থনৈতিক ঘাটতি কমানোর জন্য সহায়ক হতে পারে। সরকার ২০১০-১১ অর্থবছরের সাধারণ বাজেটে ফ্যাক্টরির উপর কর বৃদ্ধি এবং জ্বালানির আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ার পর পেট্রলের দাম ৬ শতাংশ এবং ডিজেলের দাম ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে গেছে। কিন্তু বছরে প্রায় ২০ শতাংশ হারে খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় কংগ্রেসের প্রধান শরিক তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে দল জানিয়েছে, নতুন করে তেলের দাম বাড়ায় গরিবরা ক্ষতিগ্রস্ত হবে। তৃণমূল নেত্রী ও রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "চালের দাম নিয়ে সাধারণ মানুষ এমনিতেই ক্ষুব্ধ। এমনকি অন্য সব কিছুর দামই বাড়তি।" ডিএমকে প্রধান এম. করুণানিধি এক চিঠিতে সরকারের কাছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসাবে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছেন। কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিরোধীদলকে সরকারিবিরোধী আন্দোলন শুরু করার সুযোগ করে দেবে এবং জনগণ প্রতিবাদে রাস্তায় নামবে। সরকার অবশ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে পেট্রল, ডিজেল, রান্না করার গ্যাস এবং কেরোসিনের খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে। তবে সরকার বলছে, এ খাতে ভর্তুকি দিলে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি ৫.৫ শতাংশ ব্যাহত হতে পারে। কংগ্রেসের শরিকদের দাবিতে সরকারে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দেখা না দিলেও এতে করে কংগ্রেসকে ভোট ব্যাংক নামে খ্যাত গ্রামীণ দরিদ্র জনতার কথা মাথায় রাখতে হচ্ছে। তবে ঘাটতি মোকাবেলায় ওই পদক্ষেপ জরুরি বলে কংগ্রেস তার মিত্রদের শান্ত করার চেষ্টা নেবে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৫ ঘ.