২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিহাদের ডাক গাদ্দাফির

সুইজারল্যান্ডকে নাস্তিক, অশ্লীল রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। (ভিডিও সহদেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 03:25 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

লিবিয়া, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সুইজারল্যান্ডকে নাস্তিক, অশ্লীল রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিহাদের এ ডাক এবার কোনও মোল্লা বা জঙ্গি গ্র"প থেকে নয় বরং উচ্চারিত হল একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী বেনঝাইয়ের একটি মসজিদে সমবেত কয়েক ডজন মুসলিম দেশের প্রতিনিধি ও মুসল্লিদের সামনে গাদ্দাফি সুইজারল্যান্ডের বিরুদ্ধে এ জিহাদ ঘোষণা করেন। তিনি বলেন, "যে কোনও মুসলমানেরই উচিত তাদেরকে বয়কট করা। সব মুসলিমেরই উচিত মুসলিম বিশ্বের সব দেশের বিমানবন্দরগুলোতে হাজির হয়ে সেখানে সুইজারল্যান্ডের কোনও বিমান অবতরণে বাধা দেওয়া।" ২০০৮ সালে জেনেভার একটি হোটেলে গাদ্দাফির ছেলে আটক হওয়ার পর থেকে সুইজারল্যান্ডের সঙ্গে লিবিয়ার সম্পর্ক অবনতির দিকে গড়িয়েছে। লিবিয়া সুইজারল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করাসহ সুইস ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিয়েছে। সেইসঙ্গে দুই সুইস ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে। এদের একজন মুক্তি পেলেও অন্যজন ভিসা লঙ্ঘনের দায়ে ৪ মাসের সাজা খাটছে। সুইজারল্যান্ডে মিনার নিষিদ্ধ করা নিয়ে গণভোট অনুষ্ঠানেরও নিন্দা করেছেন গাদ্দাফি। সুইজারল্যান্ডকে নাস্তিক দেশ আখ্যা দিয়ে তিনি বলেছেন, তারা মসজিদগুলোর ধ্বংস ডেকে আনছে। কিন্তু গাদ্দাফির এই উত্তপ্ত বাক্যবানের মুখেও এর প্রতিক্রিয়ায় মুখে কুলুপ এঁটে রাখছে সুইস পররাষ্ট্রমন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২০ ঘ.