কাবুল, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস)- আফগানিস্তানে কাবুলের কেন্দ্রস্থলে একটি বিপণি কেন্দ্রে শুক্রবার তালেবানের আত্মঘাতী বোমা হামলায় ৯ ভারতীয় নাগরিকসহ ১৬ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
আফগান সরকার বলেছে, হামলায় এক ইতালীয় কূটনীতিকসহ ভারতের সরকারি কর্মকর্তারা নিহত হয়েছে।
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ৯ জন ভারতীয় নিহত হয়েছে।
ওদিকে, আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে, ৩ পুলিশ অফিসারসহ ৮ আফগান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, হামলায় একজন ফরাসি নাগরিক নিহত হয়েছে।
পুলিশ জানায়, কাবুলের সবচেয়ে বড় বিপণী কেন্দ্র সিটি সেন্টার শপিং মলের প্রবেশদ্বারের কাছে শুক্রবার দিনের আলো ফোটার কিছু সময় পর আত্মঘাতী হামলাকারী এই বোমা হামলা চালায়। ওই এলাকায় অন্তত দুটি বিষ্ফোরণ এবং গুলিবর্ষনের শব্দ শোনা গেছে।
ওই এলাকায় একটি হোটেল, একটি গেস্ট হাউস ও কয়েকটি সরকারি ভবন রয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এই হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেন।
অজ্ঞাত স্থান থেকে তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, আমাদের মুজাহিদ যোদ্ধারা আরও একবার কাবুল নগরীর কেন্দ্রস্থলে হামলা চালাতে সক্ষম হয়েছে। অন্তত ৫ জন তালেবান যোদ্ধা এই হামলায় অংশ নেয়।
তিনি আরও বলেন, দুজন আত্মঘাতী হামলাকারী সিটি সেন্টার শপিং মল এবং হোটেলের কাছে বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে। আরও তিনজন যোদ্ধা এখনও শপিং মলের বেইজমেন্টে অবস্থান করছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, শপিং মলের বেইজমেন্ট থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা গেছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীরাও বলেছেন, গোলাগুলির শব্দ থেমে গেছে। পরিস্থিতি শান্ত বলেই মনে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/এলকিউ/১৩৪০ঘ.
bdnews24