নয়াদিল্লি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বৈরি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান দীর্ঘ পনেরো মাস পর বৃহস্পতিবার নয়া দিল্লিতে প্রথম বৈঠকে বসে পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।
কিন্তু বৈঠকে কেবলমাত্র যোগাযোগ রাখা বা আলোচনা চালিয়ে যাওয়ার এ সম্মতি থেকে এ আভাসই পাওয়া যাচ্ছে যে, দু দেশের সম্পর্ক বরফকঠিনই রয়ে যাবে।
ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরের সঙ্গে বৈঠকের পর বলেন, পরমাণু অস্ত্র সমৃদ্ধ দুই প্রতিপক্ষ দেশ একে অপরের সঙ্গে আস্থা গড়ে তুলতে যোগাযোগ অব্যাহত রাখবে।
তবে পরবর্তী আরেক দফা আলোচনা হবে কিনা রাও কিংবা বশির কেউই তা উল্লেখ করেননি।
বৈঠকে আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরানোর ব্যাপারে দুপক্ষে কিছু অগ্রগতি হয়েছে।
বৈঠক সম্পর্কে নিরুপমা রাও বলেন, "আমরা খোলা মন নিয়ে আলোচনায় বসেছি। তবে দুই দেশের মধ্যে বড় ধরনের আস্থার ঘাটতির কারণে আমাদের সীমাবদ্ধতাগুলোর ব্যাপারেও পুরোপুরি সচেতন থেকেছি।"
তিনি আরও বলেন, "আমাদের ধাপে ধাপে অগ্রসর হওয়ার দৃষ্টিকোণের সঙ্গে সঙ্গতি রেখে বৈঠকের মোটামুটি একটি লক্ষ্য স্থির করেছিলাম আমরা।"
বৈঠকের ফলাফল মাঝারি ধরনের হবে বলেই আশা করা হচ্ছিল। ফলে আলোচনা চালিয়ে যাওয়ার সরল প্রতিশ্র"তিকেই কর্মকর্তারা বৈঠকের সবচেয়ে ভাল ফল হিসাবে গণ্য করছেন।
রাজনৈতিক কলাম লেখক চো রামস্বামী বলেন, "আলোচনা থেকে কিছুই বেরিয়ে আসেনি। কিছু বেরিয়ে আসবে বলে মনেও করা হয়নি।"
তিনি বলেন, দুপক্ষের মধ্যে আরেক দফা আলোচনা হবে কিনা তা নির্ভর করছে আমেরিকা দুপক্ষের ওপর কেমন চাপ দেয় তার ওপর।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়। ভারত আলোচনা বন্ধ করে।
বৃহস্পতিবারের বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, শান্তি প্রক্রিয়ায় ফিরে আসার পথ খোঁজাই হবে এই আলোচনার লক্ষ্য।
বৈঠকে কোন কোনও বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে দু দেশ বিরোধে জড়িয়েছে। ভারত প্রাধান্য দিয়েছে সন্ত্রাসের ওপরে। অন্যদিকে পাকিস্তান জোর দিয়েছে কাশ্মীর ইস্যুতে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত সাংবাদিকদের বলেছেন, সন্ত্রাস একটি "আঞ্চলিক, বৈশ্বিক উদ্বেগের বিষয়। এটি একইসঙ্গে আমাদেরও উদ্বেগ। কিন্তু কাশ্মীর ইস্যু আরও গুরুত্বপূর্ণ। কারণ এ ইস্যু আমাদের সম্পর্ককে গোলমেলে করেছে। তাই বৈঠকে এটি নিয়ে আলোচনা না করাটা ন্যায়সঙ্গত হবে না।"
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24