লন্ডন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সঙ্গে বৃহস্পতিবার পাকিস্তানের এবারের বৈঠকের লক্ষ্য 'ক্রমান্বয়ে' আলোচনায় ফেরার পথ খোঁজা। ২০০৮ সালে মুম্বাই হামলার পর যে আলোচনা ভেঙে পড়েছিল।
ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও একথা বলেছেন।
তবে কোনও অগ্রগতি হওয়ার আগে দেশ দুটি এখনও একমত হতে পারেনি কোন কোনও বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত চাইছে সন্ত্রাসবাদের ওপর জোর দিতে, পাকিস্তান চাইছে আলোচনা হোক কাশ্মির নিয়ে। অথচ এখনও আলোচনার জন্য সঠিক ফোরাম কী হবে, সেটি নির্ধারিত হয়নি।
বছরের পর বছর ধরে ভারত ও পাকিস্তান চেষ্টা করে আসছে আলোচনার সেরা পদ্ধতিটি খুঁজে বের করতে।
অনানুষ্ঠানিক সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, আনুষ্ঠানিক আলোচনা আমলাতান্ত্রিক জটিলতার খপ্পরে পড়েছে, গোপন আলোচনাগুলো রেকর্ডহীন থাকায় দু দেশ সরকারি ও জনমত জয় করতে ব্যর্থ হয়েছে।
তাই বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় কূটনীতিক নিরুপমা রাও এবং পাকিস্তানের সালমান বশিরের আলোচনাটি শান্তি আলোচনার চেয়ে আলোচনার কর্মকাঠামো খুঁজে বের করা নিয়েই হবে বলে মনে করা হচ্ছে।
সোমবার লন্ডনে 'ইন্টারন্যাশনাল ইনস্টিটিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিস' (আইআইএসএস) এর আয়োজিত এক সম্মেলনে রাও বলেন, "আমরা আশা করছি ক্রমান্বয়ে দুদেশের মধ্যকার উদ্বেগপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আমরা একটি আন্তরিক ও দায়িত্বশীল সংলাপ এবং আরও ভালো যোগাযোগের পথ তৈরি করতে পারব।"
রাও জানান, আলোচনায় জোর দেওয়া হবে ভারতে হামলা চালানোর নেপথ্যে থাকা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করা নিয়ে।
তবে রাও আরও জানান, ভারত আলোচনার দ্বার খোলা রাখতেই পছন্দ করবে এবং কাশ্মির বিষয়ে দ্বিপাক্ষীয় আলোচনার প্রয়োজন আছে বলেও ভারত অবহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24