২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদীদের যুদ্ধবিরতি প্রস্তাব

নয়াদিল্লি অভিযান বন্ধ করলে ৭২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মাওবাদীরা। গণমাধ্যমের খবরে মঙ্গলবার একথা বলা হয়েছে। তবে সরকার বলেছে, আনুষ্ঠানিক কোনও প্রস্তাব এলে তবেই তারা এ ব্যাপারে সাড়া দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 12:57 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

নয়াদিল্লি, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নয়াদিল্লি অভিযান বন্ধ করলে ৭২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মাওবাদীরা। গণমাধ্যমের খবরে মঙ্গলবার একথা বলা হয়েছে। তবে সরকার বলেছে, আনুষ্ঠানিক কোনও প্রস্তাব এলে তবেই তারা এ ব্যাপারে সাড়া দেবে। সোমবার রাতে টেলিভিশন চ্যানেল ও পত্রিকা অফিসে পাঠানো এক বিবৃতিতে মাওবাদীদের সামরিক শাখার শীর্ষ কমান্ডার কোটেশ্বর রাও ওরফে কিষেণজি জানান, ২৫ ফেব্র"য়ারি থেকে ৭ মের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। তবে ভারত সরকার জানিয়েছে, সঠিক বিবৃতির অনুপস্থিতিতে তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে পারছে না। সেইসঙ্গে তারা সন্দিহান কয়েক দশকের বিদ্রোহের অবসান ঘটাতে শান্তি আলোচনা শুরুর মাওবাদীদের এ অস্ত্র বিরতি চুক্তি কতটুকু সহায়ক হবে, সে ব্যাপারেও। স্বরাষ্ট্রমন্ত্রী পালানিআপ্পন চিদাম্বরম এক বিবৃতিতে জানান, শান্তি আলোচনা সম্ভব হতে পারে, যদি বিদ্রোহীরা সহিংসতা থেকে সরে আসে। তবে এ দাবি বারবারই প্রত্যাখ্যান করে আসছে মাওবাদীরা। চিদাম্বরম বলেন,"আমি পছন্দ করব কোনও কিন্তু, যদি এবং শর্ত না থাকার ব্যাপারটি। প্রস্তাবটি পেলে আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব এবং দ্রুতই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাব।" নিয়মিতভাবে পুলিশ ব্যারাকে হামলা, রেললাইন উপড়ে ফেলা এবং ফ্যাক্টরিগুলোতে হামলা চালিয়ে মাওবাদীরা ভারতের অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলছে। তাই প্রধানমন্ত্রী মনমোহন সিংও মাওবাদীদের ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। গত এক বছরে মাওবাদীরা ভারতের গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত বড় শহরগুলোতে এক হাজারেরও বেশি হামলা চালিয়েছে। হত্যা করেছে ৬শতাধিক মানুষকে এবং বাধাগ্রস্ত করেছে পূর্বাঞ্চল থেকে মধ্য ভারতে কয়লা ও বক্সাইটের মতো খনিজ সম্পদের চালান। দুটি রাজ্যে পরপর দুটি হামলা চালিয়ে ৩৫ জনকে হত্যা করার এক সপ্তাহ পরই মাওবাদীদের কাছ থেকে যুদ্ধবিরতির এ প্রস্তাবটি এল। যার মধ্যে দিনের বেলায় পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর ঘটনাটিও আছে। এ ঘটনার পরপরই ভারতজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়, মাওবাদীদের দমনে সরকারের অপারগতা নিয়ে। এদিকে, সরকারি অভিযানে মাওবাদী ২২/ ২৫ হাজার যোদ্ধাও (অনুমান নির্ভর) কোনঠাসা হয়ে পড়েছে। অনেকের ধারণা, নতুন করে সংগঠিত হওয়ার উদ্দেশ্যেই তারা এ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। মাওবাদীরা বলছে, গরীব কৃষক এবং ভূমিহীন শ্রমিকদের অধিকার রক্ষায় তারা লড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৫২ ঘ.