প্লায়া ডেল কারমেন, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ফকল্যান্ড দ্বীপে ব্রিটেনের তেল খনি অনুসন্ধান নিয়ে আর্জেন্টিনার আপত্তি লাতিন আমেরিকার নেতারা সমর্থন করেছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ।
ফকল্যাণ্ডে তেল খনি অনুসন্ধানের খনন কাজ শুরু হয় সোমবার।
স্প্যানিশ ভাষায় দ্বীপটির নাম মালভিনাস। এই দ্বীপের মালিকানা নিয়ে ১৯৮২ সালে ঐতিহাসিক 'ফকল্যান্ড' যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয় আর্জেন্টিনা। কিন্তু এখন পর্যন্ত দ্বীপটির মালিকানা দাবি করে আসছে তারা। শুধু তাই নয়, তেল উত্তোলনের জন্য ব্রিটিশ প্রতিষ্ঠান ডিজায়ার পেট্রোলিয়ামের খনি খননের কাজ আর্জেন্টিনার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলে দেশটি দাবি করেছে।
মেক্সিকোর অবকাশযাপন কেন্দ্র প্লায়া ডেল কারমেনে শুরু হওয়া আঞ্চলিক সম্মেলনের সূচনা পর্বে ক্রিস্টিনা ফার্নান্দেজ বলেন, "আন্তর্জাতিক আইনের প্রতি সব দেশেরই শ্রদ্ধাশীল হওয়া উচিত। অথচ সেই আন্তর্জাতিক আইনই সেখানে লঙ্ঘিত হচ্ছে।"
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তার সাপ্তাহিক টিভি অনুষ্ঠানে সরাসরি ব্রিটেনের রানী এলিজাবেথকে উদ্দেশ্য করে বলেন, ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনাকে ফেরত দিন। শুধু তাই নয়, সম্মেলনে যোগদানের জন্য রোববার মেক্সিকো পৌছে তিনি পুনরায় এ দাবি জানান।
বিমানবন্দরে সাংবাদিকদের শ্যাভেজ বলেন, "আর্জেন্টিনার সরকার ও জনগণের যে আপত্তি তার প্রতি আমরা নি:শর্তভাবে সমর্থন দিচ্ছি। ওই সাগর ও দ্বীপের মালিক আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকা।"
দক্ষিণ আটলান্টিক দ্বীপপুঞ্জের কাছে ব্রিটিশ নেতৃত্বাধীন খনন পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায় আর্জেন্টিনা এবং তারা এও জানায় ফকল্যান্ড দ্বীপে নোঙর করতে হলে সব জাহাজকেই আর্জেন্টিনার অনুমতি নিতে হবে।
ফকল্যান্ড তেল উৎপাদনের এলাকা নয়। এখানে প্রচুর তেলের মজুদ আছে এমন কথারও কোন ভিত্তি নেই। তারপরও তেল কোম্পানিগুলো সাগরের তলে হাজার হাজার ব্যারেল তেল মজুদ থাকার সম্ভাবনার কথা বলছে।
ডিজায়ার পেট্রোলিয়াম জানায়, চল্লিশ কোটি ব্যারেল তেল থাকতে পারে আশায় তারা লিজ নামক স্থানে সাগরের তলদেশে খনন চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০৬ঘ.
bdnews24