শিকাগো, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে উচ্চ রক্তচাপ একটি তুচ্ছ রোগ বলেই বিবেচিত হয় লোকের কাছে। তাই এ রোগ প্রতিরোধে মার্কিন জনগণের ভালো খাদ্যাভাস গড়ে তোলার পাশাপাশি নিয়মিত চিকিৎসকের কাছে পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং সুরক্ষা কেন্দ্রকে (সিডিসি) সোমবার জরুরি তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা।
ইনস্টিটিউট অব মেডিসিনের ওই প্রতিবেদনে মার্কিন জনগণকে ক্যালরি কমিয়ে এবং কম লবণ খেয়ে শারীরিকভাবে আরও সক্ষম করে তোলার জন্য সিডিসির প্রতি নীতি নির্ধারণের আহ্বান জানানো হয়।
কমিটির চেয়ারম্যান ডেভিড ফ্লেমিং বলেন, সঠিক খাদ্যাভাস গড়ে তুলে, ব্যায়াম করে এবং ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অতি সহজেই প্রতিরোধ করা যায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হচ্ছে এই রোগ।
এক টেলিফোন সাক্ষাৎকারে সিয়াটল এবং ওয়াশিংটনের কিং কাউন্টির জনস্বাস্থ্য পরিচালক ফ্লেমিং বলেন, "উচ্চ রক্তচাপ এমন এক রোগ যা খুব সহজেই নির্ণয় করা যায় এবং এর চিকিৎসা খরচও সামান্য।"
তিনি বলেন, "এ কারণেই দেশটিতে হাইপারটেনশন অতি তুচ্ছ একটি রোগ বলে বিবেচিত হচ্ছে। এ ব্যাপারে আমরা কী করতে পারতাম এবং আমরা কী করছি- এর মধ্যে বিস্তর তফাৎ রয়ে গেছে।"
তিনি আরও বলেন, "অখচ এখনও যুক্তরাষ্ট্রে প্রতি ছয়টি মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর কারণ হাইপার টেনশন এবং প্রতি বছর এ রোগে আমাদের স্বাস্থ্যসেবার খরচ ৭৩ বিলিয়ন ডলার। অথচ সিডিসি এ রোগ এবং বিভিন্ন হৃদরোগে বছরে ৫ কোটি ডলারেরও কম ব্যয় করে।
ইনস্টিটিউটের রিপোর্ট মতে, খাদ্যে একটু লবণ খাওয়া কমালে, সেইসঙ্গে শাক সব্জি ও ফলমূল খাওয়ার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার পাশাপাশি যদি আমিষ খাওয়া কমানো যায়, তবে উচ্চ রক্তচাপের হার ২২ ভাগ কমানো যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৩৮ঘ.
bdnews24