লন্ডন, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে জঙ্গিদের নিয়ে ভারতের উদ্বেগটাই প্রাধান্য পাবে এবং পাক সরকারকে অবশ্যই জঙ্গি গ্র"পগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও সোমবার একথা বলেছেন।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরের সঙ্গে আলোচনায় বসবেন নিরুপমা রাও। মুম্বাই হামলার পর দু দেশের মধ্যে স্থবির হয়ে পড়া কূটনৈতিক সম্পর্ক সচল করার চেষ্টা চলবে এর মধ্য দিয়ে।
ভারত মুম্বাই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই তৈয়বাকে দায়ী করে আসছে। নিরুপমা রাও লন্ডনে এক কনফরেন্সে বলেন, বৃহস্পতিবারের আলোচনায় সন্ত্রাস নিয়ে আমাদের উদ্বেগ প্রাধান্য পাবে।
মুম্বাইয়ে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ে।
এর আগে গত বছর আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দু দেশ উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠক করেছে। গত সেপ্টেম্বরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সর্বশেষ বৈঠক হয়।
পাকিস্তান তাদের দেশের জঙ্গি গ্র"পগুলোর বিরুদ্ধে আরও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ভারত তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
রাও বলেছেন, এ ধরনের দলগুলোর বিরুদ্ধে পাকিস্তান সরকারকে কার্যকর ব্যবস্থা অবশ্যই নিতে হবে।
ভারত সন্ত্রাসের ওপর জোর দেওয়ায় এবং পাকিস্তান কাশ্মীরসহ সব ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী হওয়ায় বৃহস্পতিবারের বৈঠকে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে না। তবে এ বৈঠকের মধ্য দিয়ে দু দেশ কোনও ধরনের আলোচনায় ফেরার পথ খোঁজার চেষ্টা নেবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৬ ঘ.
bdnews24