কাঠমাণ্ডু, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালে ক্ষমতাচ্যুত রাজার সমর্থক দলের ডাকা ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু। নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর রাজার সমর্থকদের ডাকা এটাই প্রথম ধর্মঘট।
২০০৮ সালে নেপালে ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে সাবেক মাওবাদী বিদ্রোহিরা ক্ষমতায় আসে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র থেকে নেপাল পরিণত হয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে।
রাজার সমর্থক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি -নেপাল সোমবার গণভোটের দাবিতে ধর্মঘট ডাকে। নেপালে আবার রাজতন্ত্র ফেরানো হবে কিনা এবং দেশটি আবার হিন্দু রাষ্ট্রে পরিণত হবে কিনা তা নিয়ে গণভোট দাবি করেছে তারা।
পার্টি প্রধান কামাল থাপা বলেন, "জনগণকে গণভোটের মাধ্যমে শাসনপদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।"
বিশ্লেষকরা বলছেন, রাজার অনুগতরা আবারও সোচ্চার হচ্ছে। তারা নেপালের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা এবং শাসকদের নিয়ে জনগণের বিভ্রান্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে। নেপালি টাইমস সাপ্তাহিকীর সম্পাদক কুন্দা দিক্ষীত একথা বলেছেন।
তিনি বলেন, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে এবং ধর্মরিপেক্ষ প্রজাতন্ত্র হয়েও নেপালে জনগণের জীবনযাত্রা মান উন্নত হয়নি।
নেপালে গত বছর মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে গেলে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। সেনা প্রধানকে বরখাস্ত করা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী প্রচণ্ড ও প্রেসিডেন্টের মধ্যকার বিরোধে মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৭ ঘ.
bdnews24